নয়াদিল্লি ও বিশেষ সংবাদদাতা, আগরতলা: গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত ত্রিপুরা। খোয়াই, ধলাই, ঊণকোটি এবং গোমতী জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক চেহারা নিয়েছে। খোয়াই নদীর জল শহর ও নদী সংলগ্ন বিস্তীর্ণ এলাকার বাড়িঘর, কৃষিজমিতে ঢুকে পড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে ধানখেত। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কায় ভুগছেন কৃষকরা। ইতিমধ্যে বিভিন্ন জেলায় প্রায় ২৪ হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে খবর, খোয়াই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদীর কাছাকাছি এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। জেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে সমতল পদ্মবিল, পশ্চিম গনকী, সোনাতলা, ধলাবিল সহ একাধিক এলাকা। এদিকে, ঊণকোটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মনু নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করায় নদীর দু’পাশে বিশেষ সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।
টানা ভারী বৃষ্টিপাতের জেরে কমলপুর শহর লাগোয়া ধলাই নদীর জলস্তরও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মহকুমা শাসক গিডিয়ন মলসম সাধারণ মানুষের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছেন। গোমতী জেলাতেও বন্যা পরিস্থিতি সামাল দিতে জারি হয় সতর্কতা। এদিকে, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী কয়েক দিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাবের বাকি এলাকাতেও পৌঁছে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ফলে এই মুহূর্তে গোটা দেশজুড়েই সক্রিয় রয়েছে বর্ষা। লাগাতার বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত উত্তরাখণ্ডে। বহু এলাকায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভারী বৃষ্টির জেরে শুক্রবার দেরাদুন জেলার স্কুল ও অঙ্গনওয়ারি কেন্দ্রগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টি হয়েছে রাজস্থানের বিস্তীর্ণ এলাকাতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকালে চিতোরগড় ও ভরতপুর জেলার একাধিক এলাকায় ৯ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।
বুধবার আবর্জনার স্তূপে ধস নামায় ভেঙে পড়ে পিম্পড়ি-চিঞ্চওয়াড় জেলার একটি বাসভবন। ঘটনাস্থল থেকে ৯জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি মৃতদেহ। ধ্বংসস্তূপের নীচে আরও আট জন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে কেরলের বিভিন্ন প্রান্তেও। এর্নাকুলাম, ইদ্দুকি, ত্রিশূর সহ একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। গত ৭ জুলাই ওয়েনাডে বৃষ্টির কারণে একটি নির্মীয়মাণ টানেল ভেঙে পড়ে। সেই ঘটনায় আরও দুটি দেহ উদ্ধার হয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫।