• গঙ্গারামপুরে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে জোর, জেলা প্রশাসনকে বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তর
    বর্তমান | ১০ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুরের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার উন্নয়ন পর্যালোচনা বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন তিনি। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই রিভিউ মিটিংয়ে নানা সরকারি প্রকল্পের অগ্রগতি, মানুষের অভিযোগ এবং পরিষেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

    জেলা প্রশাসনের ডাকা এই বৈঠকে শাসকদলের বিধায়ক সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী অনলাইনে বৈঠকে যোগ দিয়ে একাধিক প্রস্তাব ও পরামর্শ দেন।

    বৈঠকে গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে একটি বড় সমস্যা তুলে ধরেন তিনি। এই হাসপাতালে রোগীর চাপ বেশি থাকায় অনেকসময় একই শয্যায় দু’জন করে রোগীকে রেখে চিকিৎসা পরিষেবা দিতে হচ্ছে। তাই জেলা প্রশাসন ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্বাস্থ্যদপ্তরের সঙ্গে আলোচনা করে তাড়াতাড়ি পরিকাঠামো উন্নয়নে পদক্ষেপের পরামর্শ দেন সুকান্তবাবু।

    সেইসঙ্গে, গঙ্গারামপুর সুপারস্পেশালিটিকে জেলা হাসপাতালে উন্নীত করা, কুশমণ্ডিতে একটি সুপারস্পেশালিটি হাসপাতাল গড়ার লক্ষ্যে উদ্যোগী হতে বলেন কেন্দ্রীয় মন্ত্রী। সুকান্ত মজুমদার বলেন, জেলার জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন সময়ে মানুষের নানা অভিযোগ পাই। সেগুলির সত্যতা যাচাই করেই প্রশাসনকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে ভবিষ্যতেও এধরনের পর্যালোচনা বৈঠক গুরুত্বপূর্ণ।

    গঙ্গারামপুরের বাসিন্দা সরোজিনী মণ্ডল বলেন, মহিলা ও শিশু বিভাগে রোগীর চাপ এতটাই বেশি যে, অনেকসময় এক বেডে দু’জনকে রাখা হয়। এই সমস্যার সমাধান সত্যিই দরকার।

    জেলা পরিষদের বিভিন্ন মার্কেট কমপ্লেক্সে লক্ষ লক্ষ টাকার ভাড়া বকেয়া রাখা, বহু স্টল বেআইনিভাবে দখলে রাখার বিষয়টিও বৈঠকে উঠে আসে। অভিযোগ, বেশ কিছু স্টল রাজনৈতিক দলের অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে। ফলে বহু বেকার যুবক-যুবতী কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

    এছাড়া, জেলার মৎস্যজীবীদের উৎসাহিত করতে ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় নদীতে মাছের পোনা ছাড়ার পরামর্শ দেন কেন্দ্রীয় মন্ত্রী। বর্ষাকালে রেলের বিভিন্ন আন্ডারপাসে জল জমে থাকার সমস্যা সমাধানের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার নজরদারি আরো জোরদার করার সুপারিশ করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, আগামী দিনে প্রতি মাসেই এধরনের উন্নয়নমূলক বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে।
  • Link to this news (বর্তমান)