• উদয়নারায়ণপুরে মিড ডে মিলের দুই কর্মীর ভাতা নিয়ে জট কাটল, ‘বর্তমান’-এর খবরের জের
    বর্তমান | ১০ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: ‘বর্তমান’-এর খবরের জের, অবশেষে  উদয়নারায়ণপুরের গড়ভবানীপুর সোনাতলা গ্রাম পঞ্চায়েতের গুমগড় প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রাঁধুনি সবিতা হাজরা ও তাঁর সহকারী নিবেদিতা কাঁড়ারের ভাতার সমস্যা মিটতে চলেছে। বিদ্যালয় সূত্রে খবর, ইতিমধ্যেই দু’জনের প্রয়োজনীয় কাগজপত্র বিডিও অফিসে জমা দেওয়া হয়েছে। আগামী মাসেই দু’জনের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকবে। 

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুনমুন মাজি বলেন, এই দু’জনের অ্যাকাউন্টে ভাতা ঢোকার ক্ষেত্রে কিছু জটিলতা ছিল। গত মঙ্গলবার আমি প্রয়োজনীয় কাগজপত্র বিডিও অফিসে জমা দিয়ে এসেছি। আগামী মাস থেকেই তাঁরা ভাতা পাবেন। সবিতা হাজরা বলেন, এই মাসে পুরানো রাঁধুনিদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তাঁরা আমাদের দিয়ে দেবেন বলে জানিয়েছেন। 

    প্রসঙ্গত, সবিতা হাজরা ও নিবেদিতা কাঁড়ার এক সময়ে এই স্কুলে মিড ডে মিলের রান্নার কাজ করলেও তাঁদের স্বামী বিজেপি কর্মী হওয়ায় ২০২১ সালের বিধানসভা ভোটের পর বিনা কারণে তাঁদের বসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এখন রাজ্যে পালাবদলের পর সবিতা হাজরা ও নিবেদিতা কাঁড়ারকে ফের রান্নার কাজে বহাল করা হয়। তবে তাঁদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ভাতার অ্যাকাউন্টের যোগ না থাকায় সমস্যা দেখা দিয়েছিল। অবশেষে সেই সমস্যার সমাধান হয়েছে।
  • Link to this news (বর্তমান)