একই আদলের দোকান-নয়া আলো নব কলেবরে কলেজ স্ট্রিট বইপাড়া
বর্তমান | ১০ জুলাই ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজ স্ট্রিট চত্বরের ভোল বদলাতে বৈঠক কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) দপ্তরে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ভবিষ্যতের ঝাঁ চকচকে বইপাড়ার ছবি সেখানে তুলে ধরা হয়েছে।
কলেজ স্ট্রিট বইপাড়া চত্বর কলকাতার অন্যতম ল্যান্ডমার্ক। বিশ্বের বহু বইপ্রেমী কলেজ স্ট্রিটকে এক ডাকে চেনে। সেই বিখ্যাত বইপাড়ার উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের বিজেপি সরকার। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বইপাড়ার সৌন্দর্যায়নের বিষয়ে আগেই বলেছেন। এবার বৈঠকে বসল কেএমডিএ। সাজিয়ে তোলার রূপরেখা অনুযায়ী, একই ধরনের পরিকাঠামো হবে সব দোকানের। ফুটপাত হবে প্রশস্ত, দৃষ্টিনন্দন আলো, বাতিস্তম্ভ বসানো হবে। তৈরি হবে আড্ডা জোন। সবমিলিয়ে নবকলেবরে সাজবে কলেজ স্ট্রিট।
অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, কলেজ স্ট্রিট বইপাড়া চত্বরকে অক্সফোর্ড স্ট্রিটের মতো সাজিয়ে তোলা হবে। অঞ্চলটি হবে নো ভেহিকেল জোন। এইসব নিয়েই সম্প্রতি বৈঠক হয় কেএমডিএ’তে। সেখানে উপস্থিত ছিল পুরসভার মার্কেট বিভাগ। এছাড়াও এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সরকারি বিভাগও অংশ নিয়েছিল। কলেজ স্ট্রিটের চারটি মূল রাস্তা কীভাবে সাজিয়ে তোলা হবে তা নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়া হয়। জানা গিয়েছে, বইপাড়ায় স্থায়ী দোকান এবং হকারদের স্টল মিলিয়ে প্রায় ৯০০টির মতো কাঠামো আছে। ফুটপাতে থাকা বইয়ের হকারদের ফুটপাতে বা রাস্তায় উপর বসতে না দিয়ে ওই চত্বরে পুনর্বাসন দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। সব দোকান নতুন করে একই আদলে সেজে উঠবে। দোকান তৈরির উপকরণ বা সাজিয়ে তোলার সামগ্রী কী হবে তা এখনও জানানো হয়নি। চলতি সপ্তাহের শেষদিকে বা আগামী সপ্তাহে বইপাড়ায় পরিদর্শনে যাবেন মন্ত্রী। সঙ্গে যাবেন কেএমডিএ এবং কলকাতা পুরসভার আধিকারিকরা। কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সেসব বিষয় খতিয়ে দেখবে পরিদর্শক দল। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, প্রেজেন্টেশনটি অত্যন্ত দৃষ্টিনন্দন। যদি এর বাস্তবায়ন হয় তাহলে বইপাড়ার চেহারা পাল্টে যাবে। দোকানগুলি দেখতে হবে একই ধরনের। একই রং, একই ডিজাইন। বসবার, খাবার জায়গা তৈরি হবে। রঙিন আলোয় সাজিয়ে তোলা হবে। এখন পরিকল্পনা রয়েছে প্রাথমিকস্তরে। সবে প্রাথমিক আলোচনা হয়েছে। এরপর বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ হবে। জানা গিয়েছে, শহরের ইতিহাসের সঙ্গে মানানসই রেখে তৈরি হবে বইপাড়ার কাঠামো। যা কলকাতার ইতিহাস তুলে ধরবে। পাশাপাশি কলেজ স্ট্রিটের ইতিহাসও উঠে আসবে সমগ্র পরিকল্পনার মধ্য দিয়ে। অন্যদিকে বিষয়টি নিয়ে কলেজ স্ট্রিটের হকাররা বলেছেন, আমাদের যেন পেটে না মারা হয়। এই বিষয়টির দিকে লক্ষ্য রাখুক রাজ্য সরকার। -নিজস্ব চিত্র