• শেয়ারে বিনিয়োগের নামে জালিয়াতি, ভুয়ো চিটফান্ড সংস্থার ছয়জন গ্রেপ্তার
    বর্তমান | ১০ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শেয়ারে বিনিয়োগ করে মাত্র ২৫ মাসে দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর কোটি কোটি টাকা তুলেছিল একটি সংস্থা। প্রথমদিকে কিছু গ্রাহককে মুনাফাসহ টাকা ফিরিয়ে দেওয়া হয়েছিল। পরে বিপুল অঙ্কের টাকা সংগ্রহের পর তা আর ফেরত দেওয়া হয়নি। অভিযোগের ভিত্তিতে হাওড়ার ব্লুমওয়েলথ ব্র্যান্ড ইক্যুইটি ব্রোকার প্রাইভেট লিমিটেড নামের একটি ভুয়ো সংস্থার তিন ডিরেক্টর ও তিন কর্মীকে গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। প্রায় ১৪ বছর ধরে চলছিল কারবার। 

    বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে গোয়েন্দা বিভাগের কর্তারা জানান, এপ্রিল মাসে ব্যাঁটরা থানায় দায়ের হওয়া ১৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ঘিরে তদন্তের সূত্রপাত। তদন্ত যত এগিয়েছে, ততই সামনে এসেছে বৃহত্তর প্রতারণার চিত্র। এখনও পর্যন্ত অন্তত ১৮৫ জন বিনিয়োগকারী প্রতারিত হওয়ার তথ্য মিলেছে। হাওড়া, পূর্ব বর্ধমান ও হুগলির বিভিন্ন থানায় মোট ১৩টি অভিযোগ দায়ের হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ ও নথি খতিয়ে দেখে এখনও পর্যন্ত প্রায় ১৬ কোটি টাকার আর্থিক লেনদেনের হদিশ পেয়েছে পুলিশ। ধৃত ডিরেক্টররা হলেন সুজয় কাঞ্জিলাল, তাঁর স্ত্রী সুদৃষা কাঞ্জিলাল এবং মা নমিতা কাঞ্জিলাল। তিন জনই পূর্ব বর্ধমানের বাসিন্দা। গ্রেপ্তার করা হয়েছে সংস্থার তিন কর্মী তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ কুণ্ডু ও অভিষেক পালকেও।

    হাওড়া সিটি পুলিশের ডিসি (ডিডি) রাহুল মিশ্র জানান, ‘শেয়ারে বিনিয়োগের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হত। তদন্তে ৪১৩টি কেওয়াইসি সংক্রান্ত নথি বাজেয়াপ্ত হয়েছে।’ হাওড়ার চ্যাটার্জিহাট, কলকাতার হেয়ার স্ট্রিট এবং পূর্ব বর্ধমানের একাধিক জায়গায় সংস্থার অফিস ছিল। ২০১২-১৩ সাল থেকে এই ব্যবসা চালানো হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

    এছাড়া, চিটফান্ড চালানোর অভিযোগে শেওড়াফুলির চারাবাগানে ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি। খড়্গপুরে চিটফান্ড কোম্পানি চালাতেন ব্যবসায়ী। হিন্দমোটরেও ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ইডি। স্থানীয় বাসিন্দারা বলেন, ব্যবসায়ী একটি সর্বভারতীয় রিটেল চেন ব্যবসার সঙ্গে যুক্ত।

    এদিকে, শেয়ার ট্রেডিংয়ের নামে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে হাওড়ার কদমতলায় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার সকাল ছ’টা নাগাদ কুচিল সরকার লেনের একটি বাড়িতে ছয় সদস্যের ইডি-র প্রতিনিধি দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি শুরু করে। বাড়ির মালিক সৌরভ চট্টোপাধ্যায়।

    তদন্তকারী সংস্থার অভিযোগ, ভুয়ো সংস্থার মাধ্যমে শেয়ার ট্রেডিংয়ের প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়েছে। সকাল থেকে টানা প্রায় সাত ঘণ্টা বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি চলে তল্লাশি। যদিও সৌরভ চট্টোপাধ্যায় বাড়িতে ছিলেন না। পরিবারের দাবি, তিনি বাইরে বেড়াতে গিয়েছেন। 
  • Link to this news (বর্তমান)