• গুরুগ্রামে এনকাউন্টারে খতম চার গ্যাংস্টার, আহত তিন পুলিশকর্মীও
    এই সময় | ১০ জুলাই ২০২৬
  • গুরুগ্রামে এনকাউন্টারে নিকেশ চার দুষ্কৃতী। মৃতরা সকলেই গ্যাংস্টার দলের সদস্য। গুরুগ্রামের সুশান্ত লোক ফেজ়-২ এলাকায় এই এনকাউন্টারে আহত হয়েছেন ক্রাইম ব্রাঞ্চ-এর তিনজন পুলিশ কর্মীও। ওই দুষ্কৃতী দলের এক সদস্যও গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    গুরুগ্রামের পুলিশ কমিশনার জানিয়েছেন, ওই দুষ্কৃতীরা সকলেই গ্যাংস্টার দীপক নন্দালের সহযোগী শুটার। দীপক বর্তমানে বিদেশ থেকে তার কার্যক্রম পরিচালনা করছে। ওই চার জনের দেহ ছাড়াও পাঁচটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    গুরুগ্রামের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (ACP) ধরমবীর সিং জানিয়েছেন যে, একটি গাড়িতে থাকা সশস্ত্র ব্যক্তিদের সন্দেহজনক গতিবিধি সম্পর্কে পুলিশ কন্ট্রোল রুম থেকে ক্রাইম ব্রাঞ্চের কাছে তথ্য এসেছিল। ক্রাইম ব্রাঞ্চের দল সুশান্ত লোক এলাকায় পৌঁছনোর ঠিক আগেই ওই দুষ্কৃতীরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এক ব্যবসায়ীর বাড়িতে গুলি চালাতে শুরু করেছিল। এর পরেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। ওই গুলির লড়াইয়েই খতম হয় চার দুষ্কৃতী।

    পুলিশ জানিয়েছে, সেখানে যাওয়ার পরেই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা ওই দুষ্কৃতীদের সতর্ক করেন। তাদের আত্মসমর্পণ করার জন্যও বলা হয়। কিন্তু তারা উল্টে পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এর পরে আত্মরক্ষা ও তাদের ধরার উদ্দেশ্যে ক্রাইম ব্রাঞ্চ-র আধিকারিকরা পাল্টা গুলি চালান। তাতেই গুলিবিদ্ধ হন দুষ্কৃতী দলে থাকা পাঁচ জন। হাসপাতালে নিয়ে আসার পরে চার জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ওই দলের অন্য এক সদস্য এখনও চিকিৎসাধীন। ওই ঘটনায় গুলিবিদ্ধ হন তিন পুলিশ কর্মীও। তাঁদেরও চিকিৎসা চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

    সুশান্ত লোক এলাকার বাসিন্দা ওই ব্যবসায়ী একাধিক বার বিদেশে থাকা গ্যাংস্টারের কাছ থেকে হুমকি ফোন পান বলেও জানা গিয়েছে। মোটা অঙ্কের টাকা দাবি করে ফোন করা হয় তাঁকে। দাবি মতো টাকা না দিলে পরিণতি ভালো হবে না বলেও ওই ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয় বলে সূত্রের খবর।

  • Link to this news (এই সময়)