রাতভর লাগাতার বৃষ্টি। সকাল থেকেই লাগাতার দফায় দফায় বৃষ্টিতে স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল বড় একটি গাছ। রাস্তার রেলিং ভেঙে গাছটি উপড়ে গিয়েছে। ভাঙা গাছের ডালের তলায় চাপা পড়ে একটি ছোট পণ্যবাহী গাড়ি। SBI-এর সদর দপ্তরের সামনে ঘটেছে এই ঘটনা। অনতিদূরে নব মহাকরণ। ওই রাস্তায় গাড়ি চলাচল আপাতত বন্ধ। গাছ সরানোর কাজ চলছে।
শনিবার অর্থাৎ আগামিকালও বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূর্যপুর ফাঁড়ির উদ্বোধন করবেন তিনি।
বারুইপুরে গণপিটুনি, পুলিশকে মারধর, ভাঙচুরের ঘটনায় নতুন করে গ্রেপ্তার আরও পাঁচ অভিযুক্ত। রাতভর তল্লাশির পরে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। মোট গ্রেপ্তারির সংখ্যা দাঁড়াল ৩৫।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ়ের সঙ্গে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (MCG)-তে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘MCG-তে পা রাখলেই যে কোনও ভারতীয়ের মনে একসঙ্গে দু’টি অনুভূতি জাগে। প্রথমত, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের রোমাঞ্চ এবং দ্বিতীয়ত, আমাদের দুই দেশেই ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, বরং এক অভিন্ন আবেগ। তবে আজ এখানে শেষ ওভারের চাপ নেই। রয়েছে শুধুই খেলাটির আনন্দ, আমাদের বন্ধুত্বের উষ্ণতা এবং ভবিষ্যতের চ্যাম্পিয়নদের উদ্দীপনা।’
জম্মু ও কাশ্মীরের উধমপুরে শুক্রবার সকালে বড়সড় দুর্ঘটনা। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের টোলদি নাল্লার কাছে অমরনাথ যাত্রীদের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় পাঁচজন তীর্থযাত্রী আহত হন। জানা গিয়েছে, যাত্রীরা জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে পহেলগামের উদ্দেশে রওনা হয়েছিলেন। দুর্ঘটনার পর আহতদের দ্রুত উধমপুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে।