‘মর্নিং শোজ় দ্য ডে...’ অর্থাৎ সকালই ইঙ্গিত দেয় দিনটা কেমন যাবে। শুক্রের সকালে শহরের মেঘলা আকাশেই লুকিয়ে দুর্যোগের বার্তা। রাতভর একটানা বৃষ্টির পরে সকালেও কলকাতায় অব্যাহত বৃষ্টি। শুধু কলকাতা নয়, এমনই ছবি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বড়সড় বদল আসতে চলেছে। শুক্রবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই এ দিন ঝড়-বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে।
আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই দুর্যোগ চলবে গোটা উইকএন্ডই। এর পরে শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এর সরাসরি প্রভাব পড়বে পার্শ্ববর্তী জেলা কলকাতাতেও। পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই ঝড়-বৃষ্টির সতর্কতা জারি থাকবে।
অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ অর্থাৎ শুক্রবার এবং আগামিকাল, শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এ দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় চলবে লাগাতার বৃষ্টি। পর্যটকদের উইকএন্ড ভ্রমণের বিষয়ে সতর্ক করা হয়েছে। প্রবল বৃষ্টিতে বাড়ে ধস নামার প্রবণতা। বৃহস্পতিবারই সেবকের পথে ধস নেমে বেশ কয়েকঘণ্টা ব্যাহত হয় যান চলাচল।
তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে গিয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন যে, আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত সচল থাকলেও, ভারী বৃষ্টির যে দাপট বা প্রবণতা রয়েছে তা আগের তুলনায় কিছুটা কমবে।