• দিঘায় পর্যটকদের খাদ্যসুরক্ষায় জোর! পদক্ষেপ সরকারের
    আজকাল | ১০ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্কঃ রথযাত্রা উৎসবকে সামনে রেখে পর্যটকদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে নিউ দিঘায় বিশেষ অভিযান চালাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার খাদ্য সুরক্ষা দপ্তর।বৃহস্পতিবার নিউ দিঘার একাধিক ছোট-বড় হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানে আচমকা পরিদর্শনে যান খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা।

    অভিযান চলাকালীন হোটেলগুলির রান্নাঘরের পরিচ্ছন্নতা, ব্যবহৃত তেলের মান, খাদ্য সংরক্ষণের পদ্ধতি, পানীয় জলের ব্যবস্থা, কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করা এবং রান্নাঘরের সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখা হয়। পরিদর্শনের সময় কয়েকটি প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি ও পরিকাঠামোগত কিছু ত্রুটি ধরা পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সেই ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে নিয়ম না মানলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।

    খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা জানান, উৎসবের মরশুমে দিঘায় পর্যটকের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পায়। সেই সময় খাবারের মান বজায় রাখা এবং খাদ্যবাহিত রোগের ঝুঁকি এড়াতে নিয়মিত নজরদারি ও আকস্মিক অভিযান চালানো হচ্ছে। নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য।

    প্রশাসনের আশা, এই ধরনের নজরদারি ও সচেতনতামূলক পদক্ষেপের ফলে পর্যটকরা আরও নিরাপদ পরিবেশে খাবার গ্রহণ করতে পারবেন এবং দিঘার পর্যটন ব্যবস্থার ওপর মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

    উল্লেখ্য, গত ২৯ জুন পর্যটন শহর দিঘার জগন্নাথ মন্দিরে ভক্তি, আচার ও ঐতিহ্যের আবহে পালিত হয় ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র স্নানযাত্রা উৎসব। তিথি ও প্রাচীন প্রথা মেনে আয়োজিত এই উৎসবকে ঘিরে মন্দির চত্বরে ভিড় করেন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী।
  • Link to this news (আজকাল)