বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই বিন্দুমাত্র অস্বাভাবিকতা। আপাতদৃষ্টিতে সিল করা একটি ব্রান্ডেড ম্যাঙ্গো জুসের প্যাকেট। কিন্তু সেই প্যাকেটটি কাটতেই ভিতরে যা দেখা গেল, তাতে শিউরে উঠলেন বিয়েবাড়ির অতিথিরা। অভিযোগ, সিল করা প্যাকেটের ভিতরে কিলবিল করছে অসংখ্য জীবন্ত পোকা! পশ্চিম বর্ধমানের জামুড়িয়া থানার পড়াশিয়া কোলিয়ারি এলাকার একটি বিয়েবাড়ির এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফের বড়সড় প্রশ্নের মুখে প্যাকেটজাত পানীয়ের গুণগত মান ও খাদ্য নিরাপত্তা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠানের জন্য প্রায় ১০০টি ছোট ম্যাঙ্গো জুসের প্যাকেট কেনা হয়েছিল। আমন্ত্রিত অতিথিদের অধিকাংশেরই তা বিতরণ করা হয়ে যায়। অনুষ্ঠান শেষে পরের দিন অবশিষ্ট কয়েকটি প্যাকেটের একটি এক শিশুকে দেওয়া হয়েছিল। কিন্তু বিপত্তি বাঁধে সেখানেই। শিশুটি প্যাকেটে স্ট্র ঢোকাতে গেলে দেখা যায় স্ট্রটি ভিতরে ঢুকছে না। বারবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। প্যাকেটের ছিদ্রটি সামান্য বড় করতেই প্রথমে একটি কালচে রঙের জমাট বাঁধা আস্তরণ নজরে আসে। এরপর কৌতুহলবশত পুরো প্যাকেটটি কেটে খুলতেই উপস্থিত সকলের চক্ষু চড়কগাছ! অভিযোগ, পানীয়ের ভিতরে কিলবিল করছে অজস্র জীবন্ত পোকা।
এই ঘটনার খবর মুহূর্তের মধ্যে বিয়েবাড়িতে ছড়িয়ে পড়লে তীব্র আতঙ্ক তৈরি হয়। যে সমস্ত অতিথিরা ইতিপূর্বেই ওই পানীয় পান করেছিলেন, তাদের মধ্যে উদ্বেগ ছড়ায়। বাকি থাকা পানীয়ের প্যাকেটগুলি তৎক্ষণাৎ সরিয়ে নেওয়া হয়। কীভাবে একটি সম্পূর্ণ সিল করা প্যাকেটের ভিতরে জীবন্ত পোকা জন্মাতে পারে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। স্থানীয় বাসিন্দাদের দাবি, শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে খাদ্য সুরক্ষা দফতরের অবিলম্বে এই বিষয়ে তদন্ত করে কড়া পদক্ষেপ নেওয়া উচিত।
অতীতেও বিভিন্ন সময়ে প্যাকেটজাত বা কোমল পানীয়ের বোতলে টিকটিকি, ছত্রাক কিংবা পোকামাকড় পাওয়ার অভিযোগ সামনে এসেছে। জামুড়িয়ার এই ঘটনা সেই বিতর্ককেই ফের উসকে দিল। তবে এই ঘটনার পিছনে উৎপাদন প্রক্রিয়ার কোনও ত্রুটি রয়েছে, নাকি সংরক্ষণের গাফিলতি দায়ী, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট খাদ্য সুরক্ষা দফতরের তদন্তের দিকেই নজর রাখছেন সকলে।