• মুখে রুচছে না তিহাড়ের ‘তেল-ঝাল’ খাবার, চিংড়ি-পাস্তা খাওয়ার আবদার সন্ত্রাস মামলায় ধৃতের
    এই সময় | ১০ জুলাই ২০২৬
  • তিহাড় জেলের খাবার তাঁর পক্ষে খাওয়া সম্ভব হচ্ছে না। আবার, শুধু সয়া মিল্ক খেয়ে থাকা সম্ভব নয়। তিহাড়ের খাবার অত্যন্ত ঝাল, তেলতেলে এবং ডিপ-ফ্রাই করা বলে অভিযোগ তুলে দিল্লির আদালতের দ্বারস্থ হলেন আমেরিকার নাগরিক ও অভিযুক্ত ভাড়াটে যোদ্ধা ম্যাথিউ অ্যারন ভ্যানডাইক (Matthew Aaron VanDyke)। সন্ত্রাসের ষড়যন্ত্র করার অভিযোগে ধৃত ম্যাথিউ আদালতের কাছে তিনি নিজের খাবার নিজে রান্না করার অনুমতি চেয়েছেন। তাঁর দাবি, বর্তমানে তিনি শুধু সয়া মিল্ক খেয়েই বেঁচে আছেন।

    ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-র তদন্তে মায়ানমারের জঙ্গি প্রশিক্ষণ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হওয়া ভ্যানডাইক বর্তমানে তিহাড় জেলে বিচারাধীন বন্দি হিসেবে রয়েছেন।

    দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত শর্মার আদালতে ভ্যানডাইকের আইনজীবীর দায়ের করা আবেদন অনুযায়ী, এই প্রাক্তন তথ্যচিত্র নির্মাতা ও ভাড়াটে সৈন্য গত ৬ মে থেকে জেলের সাধারণ খাবার খাওয়া বন্ধ করে দিয়েছেন। ভারতীয় খাবারের সঙ্গে তিনি অভ্যস্ত নন। জেলে যে খাবার দেওয়া হচ্ছে, তা অত্যন্ত ঝাল, তেলতেলে এবং অতিরিক্ত তেলে ভাজা হওয়ায় তাঁর স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ছে।

    আবেদনে আরও জানানো হয়েছে, পর্যাপ্ত পুষ্টি না পাওয়ায় তিনি বাধ্য হয়ে মূলত সয়া মিল্কের উপর নির্ভর করছেন। দীর্ঘদিন এইভাবে চললে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাই আদালতের কাছে অনুরোধ করা হয়েছে, তাঁকে সীমিত পরিসরে নিজের খাবার রান্না করে নেওয়ার অনুমতি দেওয়া হোক।

    ভ্যানডাইকের আবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি সাধারণ ও স্বাস্থ্যকর খাবার খেতে চান। তাঁর খাদ্যতালিকায় পাস্তা, অলিভ অয়েল, চিকেন, মাছ এবং কম মশলাযুক্ত খাবার রাখার অনুমতি চাওয়া হয়েছে। তাঁর দাবি, এই ধরনের খাবার তাঁর শারীরিক প্রয়োজন এবং খাদ্যাভ্যাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

    ভ্যানডাইকের আইনজীবীর দাবি, ভারতীয় খাবার হজম না হওয়ার কারণে তিনি একপ্রকার অনশন করছেন। এতে গত ৫০ দিনে পুষ্টির অভাবে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে এবং প্রায় ১৪ কেজি (৩০ পাউন্ড) ওজন কমে গিয়েছে বলে দাবি।

    অন্যদিকে, NIA এই আবেদনের বিরোধিতা করেছে। তদন্তকারী সংস্থার বক্তব্য, তিহাড় জেলে সব বন্দির জন্য নির্দিষ্ট নিয়ম অনুযায়ী খাবার সরবরাহ করা হয় এবং কোনও বন্দিকে বিশেষ সুবিধা দেওয়া হলে তা জেলের বিধি লঙ্ঘনের সামিল হতে পারে। এই বিষয়ে আদালত তিহাড় জেল কর্তৃপক্ষের কাছেও জবাব তলব করেছে।

    প্রসঙ্গত, ম্যাথিউ অ্যারন ভ্যানডাইককে চলতি বছরের শুরুতে NIA গ্রেপ্তার করে। অভিযোগ, তিনি মায়ানমারে সক্রিয় একটি সশস্ত্র গোষ্ঠীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ভারত-বিরোধী কার্যকলাপে যুক্ত ছিলেন। সেই মামলার তদন্ত এখনও চলছে এবং তিনি বিচারাধীন অবস্থায় তিহাড় জেলে বন্দি রয়েছেন।

  • Link to this news (এই সময়)