• স্ক্রিনশট বা PDF দেখালে আর চলবে না, Railone অ্যাপ খুলেই দেখাতে হবে বুক করা টিকিট
    এই সময় | ১০ জুলাই ২০২৬
  • ডিজিটাল টিকিটের অপব্যবহার এবং জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপের পথে ভারতীয় রেল। নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, ট্রেনের টিকিটের PDF, স্ক্রিনশট বা WhatsApp-সহ অন্য কোনও মেসেজিং অ্যাপে ফরওয়ার্ড করা কপি আর বৈধ হিসেবে গণ্য হবে না। টিকিট পরীক্ষার সময় এই ধরনের নথি দেখালে তা গ্রহণ করা হবে না।

    রেলের নির্দেশ অনুযায়ী, অসংরক্ষিত (Unreserved) আসনের টিকিট যাঁরা RailOne অ্যাপের মাধ্যমে বুক করেছেন, তাঁদের যাত্রার সময় RailOne অ্যাপ খুলে বুক করা টিকিট দেখাতে হবে। ওই টিকিটের PDF ফাইল, স্ক্রিনশট বা অন্য কারও পাঠানো টিকিটের কপি দেখিয়ে যাত্রা করা যাবে না।

    রেল জানিয়েছে, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ডিজিটাল টিকিটের অপব্যবহার রোধ করা। অনেক ক্ষেত্রে টিকিটের স্ক্রিনশট বা PDF একাধিক ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ছে বা অপব্যবহার করা হচ্ছে। সেই কারণেই যাত্রীর পরিচয়ের সঙ্গে টিকিটের সত্যতা যাচাই করতে লাইভ (Live) টিকিট দেখানোর উপর জোর দেওয়া হয়েছে।

    অর্থাৎ যদি আপনি RailOne অ্যাপ থেকে অসংরক্ষিত টিকিট কেটে থাকেন, তাহলে যাত্রার সময় অবশ্যই সেই ফোনটি সঙ্গে রাখতে হবে। টিকিট পরীক্ষক চাইলে অ্যাপ খুলে টিকিট দেখাতে হবে। অন্যের ফোন থেকে পাঠানো কপি বা WhatsApp-এ ফরওয়ার্ড করা টিকিট গ্রহণযোগ্য হবে না।

    রেলের নির্দেশ অমান্য করলে বিনা টিকিটে যাত্রা করার নিয়ম অনুযায়ী জরিমানা বা অন্যান্য ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই যাঁরা নিয়মিত মোবাইলে ট্রেনের টিকিট বুক করেন, তাঁদের এই নতুন নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে রেল।

    সম্প্রতি ভারতীয় রেল RailOne নামে একটি নতুন সুপার অ্যাপ চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে সংরক্ষিত ও অসংরক্ষিত টিকিট বুকিং, ট্রেনের লাইভ স্ট্যাটাস দেখা, খাবার অর্ডার, অভিযোগ জানানো-সহ একাধিক পরিষেবা এক জায়গা থেকে পাওয়া যায়।

  • Link to this news (এই সময়)