• ৪ দিনের মধ্যেই সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি, শনিবার উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
    এই সময় | ১০ জুলাই ২০২৬
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার চার দিনের মধ্যেই বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ি তৈরির কাজ শেষ। প্রশাসনিক সূত্রে খবর, শনিবার সেই ফাঁড়ি উদ্বোধন করতে পারেন তিনি। তিনি পুনরায় কথা বলতে পারেন নির্যাতিতার পরিবারের লোকেদের সঙ্গে।

    মঙ্গলবার বারুইপুরে গিয়ে নাবালিকার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। পরে তিনিই জানিয়েছিলেন, নাবালিকার পরিবার চেয়েছে, সূর্যপুরে একটি পুলিশ আউটপোস্ট তৈরি করা হোক। তার ভিত্তিতেই এক সপ্তাহের মধ্যে ফাঁড়ি তৈরির ঘোষণা করেছিলেন শুভেন্দু। জানিয়েছিলেন, এর পরে তিনিই বারুইপুরে এসে ফাঁড়ি উদ্বোধন করবেন। প্রয়োজনে বাড়ি ভাড়া নিয়েও ফাঁড়ি গড়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেই তৎপর হয়ে জমি খোঁজা শুরু করে পুলিশ। অবশেষে শনিবার সেই ফাঁড়ি উদ্বোধন হতে পারে বলে জানা গেল।

    পুলিশ ও প্রশাসনিক সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ বারুইপুরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। প্রথমে তাঁর যাওয়ার কথা নির্যাতিতার বাড়িতে। সেখানে পরিবারের লোকেদের সঙ্গে কথা বলবেন তিনি। তার পরে তাঁর যাওয়ার কথা সেই ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে, যাঁকে গণপিটুনিতে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। তার পরে ফাঁড়ি উদ্বোধন করতে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে তাঁর ৪৫ মিনিটের কর্মসূচি রয়েছে বারুইপুরে। তার আগে শুক্রবার বারুইপুর যেতে পারে সিআইডি। বারুইপুরে ধর্ষণ-খুনের ঘটনার তদন্তভার তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই মতো তদন্তে নেমে ঘটনাস্থলে যাওয়ার কথা সিআইডির ফরেনসিক টিমের। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে তারা।

    সূর্যপুরে এত দিন পুলিশ ক্যাম্প ছিল। কিন্তু সেখানে অভিযোগ দায়ের করা যেত না। তার জন্য যেতে হতো ১০ কিলোমিটার দূরে বারুইপুর থানায়। পুলিশ ক্যাম্পটি মূলত ব্যবহার করা হতো আইনশৃঙ্খলা রক্ষার কাজে। এ বার পুলিশ ফাঁড়ি তৈরি হয়ে গেলে সেখানেই অভিযোগ দায়ের করতে পারবেন স্থানীয় বাসিন্দা।

  • Link to this news (এই সময়)