দার্জিলিংকে টেক্কা দিতে এবার অযোধ্যা পাহাড়ে ‘হিলস অফ ইলিশ’, জানুন পকেট ফ্রেন্ডলি মেনু চার্ট
News18 বাংলা | ১০ জুলাই ২০২৬
: বর্ষার মরশুমে মেঘ-কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। দূর থেকে দেখলে মনে হতেই পারে উত্তরবঙ্গের কোনও শৈলশহর। আর এমন মরশুমে পর্যটকদের আরও বেশি করে আকর্ষণ করতে এবার এক অভিনব উদ্যোগ নেওয়া হল অযোধ্যা পাহাড়ে। পাহাড়ের বুকেই এবার শুরু হচ্ছে জিভে জল আনা ইলিশ উৎসব! তবে এখানে ঘটি বা বাঙালের চেনা ছকে নয়, পদ্মার ইলিশ টেবিলে পরিবেশন করা হবে একেবারে রাঢ়-মানভূম এবং আদিবাসী বা উপজাতীয় শৈলীতে।
অযোধ্যা হিলটপে রাজ্য পর্যটন বিভাগের লিজ প্রাপ্ত একটি চারতারা রিসোর্টে এমন উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘হিলস অফ ইলিশ’। আজ ১০ জুলাই থেকে শুরু হয়ে এই উৎসব চলবে আগামী ১০ অগাস্ট পর্যন্ত, অর্থাৎ টানা এক মাস। পুরুলিয়ার পর্যটনের ইতিহাসে এমন ইলিশ উৎসব এই প্রথম। উন্নত পর্যটন পরিকাঠামোর দিক থেকে অযোধ্যা পাহাড় এখন রীতিমতো দার্জিলিংয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে। রিসোর্ট কর্তৃপক্ষের আশা, এই বর্ষায় পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ইলিশের এই বাহারি উৎসব পর্যটকদের দারুণ টানবে।
রিসোর্টের তরফে জানা যাচ্ছে, “কলকাতা বা শহরতলিতে আকছার ইলিশ উৎসব হয়। কিন্তু আমরা অযোধ্যা পাহাড়ের নিজস্বতায় এবং মানভূঁইয়া ঢঙে সম্পূর্ণ অন্যভাবে এটি আয়োজন করছি। এখানে মাটির পাত্রে রান্না করে, মা-ঠাকুমাদের মতো শিল-নোড়ায় টাটকা মশলা বেঁটে কলাপাতায় খাবার পরিবেশন করা হবে। শুধু তাই নয়, আমাদের কর্মীরা খাবার পরিবেশন করার সময় পর্যটকদের ইলিশের ইতিহাস ও নানা গল্পও শোনাবেন। এর জন্য তাঁদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কলাপাতা ও মাটির পাত্রে রান্নার ফলে যে পুষ্টিগুণ বজায় থাকে, সেই স্বাস্থ্যকর তথ্যও পরিবেশকরা বাতলে দেবেন অতিথিদের।”
আরও জানা যাচ্ছে, এই উৎসবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল মশলা। বাজার থেকে কেনা সর্ষে নয়, এই পাহাড়ের বুকেই চাষ হওয়া খাঁটি সর্ষে দিয়ে তৈরি হবে ইলিশের পদ। খাবারের তালিকায় বৈচিত্র্যের কিন্তু শেষ নেই। রাজবাড়ির সর্ষে ইলিশ, অযোধ্যা স্মোকড ইলিশ, গন্ধরাজ ভাপা, পদ্মা পাড়ের দই ইলিশ, চট্টগ্রামের ইলিশ ভুনা, বেগুন-কাঁচালঙ্কা দিয়ে ইলিশের পাতলা ঝোল এবং ইলিশ পাতুড়ি, এই চেনা-অচেনা পদের যে কোনও একটির স্বাদ নিতে পর্যটকদের খরচ পড়বে ১০৯৯ টাকা। এছাড়া বিরিয়ানি প্রেমীদের জন্য ৭৯৯ টাকায় মিলবে বিশেষ ঢাকাই দম ইলিশ বিরিয়ানি এবং ৬৯৯ টাকায় পাওয়া যাবে ‘অযোধ্যা হিল ইলিশ বিরিয়ানি’। বর্ষার মেঘলা পাহাড়ে বসে, ঝুমুর গানের দেশে এমন আদিবাসী ও মানভূঁইয়া ছোঁয়ায় পদ্মার ইলিশের স্বাদ নেওয়া পর্যটকদের কাছে যে এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে, তা বলাই বাহুল্য।