রাতের অন্ধকারে নয়। দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদায়। রেল কোয়ার্টারের জানালা ভেঙে ঘরে ঢুকে আলমারির লকার সাফ করে চম্পট দিল দুষ্কৃতীরা। লক্ষাধিক নগদ এবং কয়েক লক্ষ টাকার সোনার গয়না খোয়া গিয়েছে বলে অভিযোগ। বুধবারের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনি এলাকায়। তবে শুক্রবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রেল কোয়ার্টারে থাকেন রেলকর্মী মনোজকুমার আগরওয়াল। বুধবার সকাল প্রায় পৌনে ১১টা নাগাদ স্ত্রীকে নিয়ে কোয়ার্টারে তালা দিয়ে মহানন্দাপল্লিতে তাঁদের নতুন বাড়িতে যান। বেলা দেড়টা নাগাদ ফিরে এসে দেখেন, কোয়ার্টারের একটি জানালা ভাঙা। ঘরে ঢুকতেই চোখে পড়ে, আলমারিও ভাঙা। লকারে রাখা নগদ টাকা এবং সোনার অলঙ্কার উধাও। মুহূর্তে মাথায় হাত পড়ে যায় পরিবারের সদস্যদের। কান্নায় ভেঙে পড়েন মনোজের স্ত্রী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। গোটা এলাকায় তল্লাশি চালান তাঁরা। আশপাশের বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়েই দুষ্কৃতীরা জানালা ভেঙে ভিতরে ঢোকে। অল্প সময়ের মধ্যেই আলমারির লকার ভেঙে নগদ টাকা ও গয়না নিয়ে পালিয়ে যায়। চুরির ঘটনায় কোনও সংঘবদ্ধ চক্র জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। চুরি যাওয়া টাকা ও গয়নারও কোনও হদিশ মেলেনি। ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে ইংরেজবাজার থানার পুলিশ। সন্দেহভাজন কয়েকজনকে চিহ্নিত করে তাদের গতিবিধির ওপর নজর রাখছেন তদন্তকারীরা। এলাকার দুষ্কৃতীদের পুরোনো রেকর্ড ঘেঁটে দেখা হচ্ছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, খুব দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে। উদ্ধার করা হবে খোয়া যাওয়া সামগ্রীও।