• ডাকাতি-খুন-তোলাবাজির অভিযোগ, অবশেষে পুলিশের জালে হুগলির ‘কুখ্যাত’ কমল
    এই সময় | ১০ জুলাই ২০২৬
  • ব্যাঙ্ক-সোনার দোকান-পেট্রল পাম্পে ডাকাতি, খুন, তোলাবাজি— নানা সময়ে নানা অপকর্মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল হুগলির কুখ্যাত দুষ্কৃতী কমল দেব। বৃহস্পতিবার তাকে হাওড়া থেকে গ্রেপ্তার করেছে রিষড়া থানার পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, খুন, তোলাবাজি, ডাকাতি-সহ নানা মামলায় কমল অভিযুক্ত। এক সময়ে রিষড়ার নতুনগ্রাম এলাকার ত্রাস ছিল সে আর উৎপল। গত জুন মাসে একটি অশান্তির ঘটনার পর থেকেই তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়। অবশেষে গোপন সূত্র মারফত খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে রিষড়া থানার পুলিশের বড় বাহিনী হাওড়ার লিলুয়া ফাঁড়ি এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকেই গ্রেপ্তার করা হয় কমলকে।

    তদন্তকারীদের একটি সূত্রে জানা গিয়েছে, গত ৩০ জুন রিষড়ার বাঙুর পার্কের পিছনে নেলকো কারখানার পাশে কমলের নেতৃত্বে ১৫-২০ জনের দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র-সহ জড়ো হয়েছিল অপরাধমূলক কাজ করার জন্য। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে বেশ কয়েক জনকে গ্রেপ্তারও করে। কিন্তু কমল-সহ কয়েক জন সেই দিন পালিয়ে গিয়েছিল। ধৃতদের মধ্যে রহিত শর্মা নামে এক দুষ্কৃতী স্বীকার করে, কমল তাকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি দিয়েছিল। তার পরেই পুলিশ কমলের খোঁজ শুরু করে। কোন কোন জায়গায় সে যায়, কোথায় কোথায় তার ঠেক, এই সব জানার পরে জগদীশপুরে অভিযান চালানো হয়।

  • Link to this news (এই সময়)