আজকাল ওয়েবডেস্ক: একেবারে রোমহর্ষক ঘটনা! উত্তর দিনাজপুর জেলায় ঘরের ভিতর খাটের তলাতে ঢুকিয়ে রাখা হয়েছিল একাধিক নাবালিকাকে। গাদাগাদি করে একসঙ্গে রাখা হয় তাদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপর সেখানে গিয়ে একে একে বের করে আনে তাদের।
জানা গিয়েছে, ইসলামপুরের যৌনপল্লিতে ঘটেছে এই ঘটনা। গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই যৌনপল্লিতে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করে ৪৪ জন নাবালিকাকে।
নাবালিকা উদ্ধার ঘটনায় বিজেপির শ্রীরূপা চৌধুরী বলেন, "এক এক জন নাবালিকাকে দু-তিন লক্ষ টাকার বিনিময়ে কিনে নিয়ে আসা হয়েছিল এই যৌনপল্লিতে!" অভিযোগ, বিহার এবং অসম থেকে নবালিকাদের কিনে এনে ইসলামপুরের যৌনপল্লিতে বিক্রি করা হচ্ছিল। গত তিন- চার মাস ধরেই চলছিল এই পাচারকাজ। খবরের সূত্র ধরে এলাকায় তদন্তে নামে ইসলামপুর থানার পুলিশ। তাদের সহযোগিতা করে এলাকার শক্তিবাহিনী। পুলিশ ও শক্তিবাহিনীর যৌথ নজরদারি বাড়তেই দেখা যায় এক-দু'জন নয়। মোট ৪৪জন নাবালিকাকে এ ভাবে এনে যৌনপল্লিতে বিক্রি করা হয়েছে।
ইসলামপুর পুলিশ এবং শক্তিবাহিনীর যৌথ অভিযানে প্রথমে গত সোমবার অভিযান চালানো হয় ওই যৌনপল্লীতে। প্রথম দিন সেখান থেকে ৪১ জনকে উদ্ধার করা হয়। যাদের মধ্যে দু'জন প্রাপ্তবয়স্ক ছিলেন। বাকি ৩ জন নাবালিকাকে গতকাল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানার পুলিশ।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই নারী নিরাপত্তায় জোর দিতে রাজ্যের সব থানায় চালু করা হয়েছে মহিলা হেল্প ডেস্ক৷ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মহিলা হেল্প ডেস্ক চালুর কথা ঘোষণা করেন৷ নবান্ন থেকে আনুষ্ঠানিক ভাবে থানায় থানায় এই মহিলা হেল্প ডেস্ক পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
থানার নতুন মহিলা হেল্প ডেস্ক-এ বেশ কিছু বিশেষ সুবিধা দেওয়া হবে মহিলাদের৷ থানার মহিলা হেল্প ডেস্ক-এ পাওয়া যাবে-
১। গার্হস্থ্য বিবাদ বা হিংসা মামলার অভিযোগ দায়েরের সুযোগ।
২। মহিলা অভিযোগকারীদের জন্য প্রয়োজন বুঝে আইনজীবীর ব্যবস্থা।
৩। অভিযোগ পত্র লিখতে অক্ষম হলে তাঁদের অভিযোগপত্র লিখে দেওয়া।
৪। অভিযোগকারিণী যে ভাষায় স্বচ্ছন্দ, সেই ভাষাতেই থানার ডিউটি অফিসারের অভিযোগপত্র লিখে দেওয়া।
৫। অভিযোগকারীদের মানসিক ভাবে পাশে থাকা।
মহিলা হেল্প ডেস্কগুলি চালু থাকবে ২৪ ঘণ্টাই। সেখানে একজন মহিলা সাব ইন্সপেক্টর এবং মহিলা কনস্টেবল সর্বদা কর্তব্যরত অবস্থায় থাকবেন৷