• তারাতলা বিপর্যয়ে মৃতদের পরিবারকে এক মাসের বেতন দান
    আজকাল | ১০ জুলাই ২০২৬
  • মিল্টন সেন, হুগলি:  তারাতলায় গুদাম চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেক শ্রমিকের। আহত হয়েছেন অনেকে। রাজ্য সরকার মৃতদের দশ লক্ষ টাকা করে আহতদের এক লক্ষ টাকা করে সাহায্য দিয়েছে। যাদের চিকিৎসা চলছে তাদের চিকিৎসার দায় নিয়েছে।

    আর এবার অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ত্রাণ তহবিলে এক মাসের বেতন দিলেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। সুকুমার চন্দননগর পুলিশের কনস্টেবল। বাড়ি বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে।

    মানুষের জন্য নানা ধরনের কাজ আগেও করেছেন তিনি। করোনা পর্বে বহু অভু্‌ক্তের মুখে খাবার তুলে দেওয়া থেকে শুরু করে অসহায় ভবঘুরেদের বাড়ি খুঁজে পাঠানো, চিকিৎসার ব্যবস্থা থেকে আর্থিকভাবে দুর্বল পড়ুয়াদের বই খাতা দেওয়া সবই করেন।

    চুঁচুড়া মুখ্য ডাকঘর থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক মাসের বেতন পাঠালেন এই পুলিশ কর্মী। গত বছর পুজোর খরচ বাঁচিয়ে চুঁচুড়ায় বন্দেমাতরম ভবনের সামনে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তির উপর আচ্ছাদনের ব্যবস্থা আগেই করেছিলেন।

    সুকুমারের কথায়, বন্দেমারতম একটা আবেগ। দূর থেকে অনেকে আসেন মনিষী বঙ্কিমচন্দ্রের বাসস্থান দেখতে। তার জন্মদিনে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কিন্তু মূর্তি খোলা আকাশের নীচে থাকায় অপরিষ্কার থাকত। আচ্ছাদন দেওয়া তা আর হয় না। ভাল লাগে সামাজিক কাজ করতে। 
  • Link to this news (আজকাল)