• বারাসত পুরসভায় ৩৪ কাউন্সিলরকে শোকজ নোটিশ
    আজকাল | ১০ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বারাসত পুরসভার চেয়ারম্যান-সহ মোট ৩৪ জন কাউন্সিলরকে শোকজ নোটিশ পাঠালেন পাঠালেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার।

    দীর্ঘদিন ধরে পুরসভার কাজে অনুপস্থিত থাকার কারণ জানতে চেয়েই এই নোটিশ জারি করা হয়েছে। জানা গিয়েছে, চলতি মাসের ৮ জুলাই এই শোকজ নোটিশ পাঠানো হয় এক্সিকিউটিভ অফিসারের তরফে।

    নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট কাউন্সিলরদের লিখিতভাবে তাঁদের অনুপস্থিত থাকার কারণ জানাতে বলা হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, সাম্প্রতিক কালে বারাসত পুরসভার চেয়ারম্যান-সহ একাধিক কাউন্সিলর পদত্যাগ করেছেন।

    এরপর আরও কয়েকজন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পদত্যাগ করায় পুরসভার প্রশাসনিক কাজকর্মে আংশিক অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। এর জেরে নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

    সেই পরিস্থিতিতে পুরসভার নিয়মিত প্রশাসনিক কাজ সচল রাখা এবং সাধারণ মানুষের পরিষেবা যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনের দাবি।

    এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বারাসতের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। একের পর এক পদত্যাগের পর এবার চেয়ারম্যান-সহ ৩৪ জন কাউন্সিলরের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি হওয়ায় পুরসভার বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

    এখন সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা কী জবাব দেন এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। এই প্রসঙ্গে বারাসাতের বিজেপি বিধায়ক শঙ্কর চ্যাটার্জি বলেন, সাধারণ মানুষ পরিষেবা পাওয়ার আশায় কাউন্সিলরদের নির্বাচিত করেছিলেন।

    কিন্তু তাঁদের দাবি, জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অনেকেই দায়িত্ব পালন না করে পদত্যাগ করেছেন বা অনুপস্থিত রয়েছেন। তাঁর অভিযোগ, কাজের চাপ ও মানুষের ক্ষোভের মুখে পড়েই কেউ পদত্যাগ করছেন, আবার কেউ দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। তাই প্রশাসনের শোকজ নোটিশ জারি করা স্বাভাবিক বলেই মন্তব্য করেন তিনি।
  • Link to this news (আজকাল)