হায়দরবাদে শুটিং শেষে বাড়ি ফিরে এসেছিলেন রাজেশ শর্মা। আচমকাই ডান পায়ে প্রবল ব্যথা অনুভব করেন অভিনেতা। এরপরই কলকাতায় হাসপাতালে ভর্তি হন তিনি। অসুস্থ অভিনেতাকে শুক্রবার দেখতে গেলেন ক্রীড়া ও যুব বিষয়ক এবং উপভোক্তা বিষয়ক দপ্তরের মাননীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ড. ইন্দ্রনীল খাঁ।
এদিন দুপুরে হাসপাতালে যান ইন্দ্রনীল খাঁ। অসুস্থ রাজেশ শর্মার সঙ্গে ছবি দিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "আজ আমরা ঢাকুরিয়ার মণিপাল হাসপাতাল পরিদর্শন করেছি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদার পক্ষ থেকে রাজেশ শর্মা জি-কে তাঁর দ্রুত আরোগ্যের জন্য শুভেচ্ছা জানিয়েছি।"
প্রাথমিকভাবে শোনা যায়, হায়দরাবাদে শুটিং সেটে বিষাক্ত পোকা কামড়ে দেয় অভিনেতাকে। এরপর ফ্লাইটে কলকাতায় ফেরার সময় অসুস্থ বোধ করেন তিনি। আগের থেকে এখন কিছুটা ভাল রয়েছেন অভিনেতা। জানা যায়, বিষাক্ত পোকার কামড়ের পরে, তাঁর শরীরে সুগার লেভেল হঠাৎ বেড়ে যায়। পাশাপাশি তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যাও হচ্ছিল। তাঁর সুগার অনেকটা থিতু হয়েছে। পাশাপাশি শ্বাসকষ্টের পরিস্থিতি ও কিছুটা স্বাভাবিক হয়েছে।
এব্যাপারে আজকাল ডট ইনের তরফে রাজেশ শর্মার তরফে যোগাযোগ করা হলে জানা যায়, পোকার কামড়ে নয়, সুগার লেভেল বেড়ে গিয়েই অসুস্থ হয়ে হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা, তাঁকে কড়া নজরদারিতে রাখা হয়েছে।