NH10 Status App: কালিম্পং ও সিকিমের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক নিয়ে উদ্বেগ নতুন নয়। বর্ষা এলেই ধস, যানজট এবং রাস্তা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই এই সড়কে যাতায়াতের আগে সাধারণ মানুষ থেকে পর্যটক, সকলেই আগে জানতে চান রাস্তা খোলা রয়েছে কি না। সেই সমস্যার সমাধান করতেই নতুন মোবাইল অ্যাপ চালু করল কালিম্পং জেলা পুলিশ। অ্যাপটির নাম এনএইচ১০ স্ট্যাটাস।
এই অ্যাপের মাধ্যমে ১০ নম্বর জাতীয় সড়কের বর্তমান পরিস্থিতির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। কোথাও ধস নেমেছে কি না, যানজটের পরিস্থিতি কেমন, রাস্তা চালু রয়েছে কি না, কোনও কারণে বন্ধ থাকলে কত সময়ের মধ্যে ফের যান চলাচল স্বাভাবিক হতে পারে, সেই সব আপডেট এক জায়গাতেই মিলবে। প্রশাসনের দাবি, পর্যটক এবং স্থানীয় বাসিন্দা উভয়ের জন্যই এই অ্যাপ অত্যন্ত উপকারী হবে। কালিম্পংয়ের জেলাশাসক কুহুক ভূষণও জানিয়েছেন, এই উদ্যোগ সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমাবে।
গত কয়েক বছরে ১০ নম্বর জাতীয় সড়ক ক্রমশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শুধু বর্ষাকাল নয়, বছরের বিভিন্ন সময়েও ধস এবং অন্যান্য কারণে এই সড়কে যান চলাচল বন্ধ হয়েছে। চলতি বছরও একাধিকবার সেবক এলাকায় ধস নামায় রাস্তা বন্ধ রাখতে হয়েছে। তার ফলে কালিম্পং ও সিকিমে যাতায়াত করতে গিয়ে বহু মানুষকে দার্জিলিং ও লাভা হয়ে দীর্ঘ ঘুরপথ ব্যবহার করতে হয়েছে। এতে যেমন সময় বেশি লেগেছে, তেমনই যাতায়াতের খরচও অনেক বেড়েছে।
প্রশাসনের আশঙ্কা, আগামী দুই থেকে তিন মাসের বর্ষায় এই সড়কে আরও ধস নামতে পারে। পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গ এবং সিকিম, দুই রাজ্যই উদ্বিগ্ন। রাস্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডকে আগাম সতর্ক করা হয়েছে। ধস নামলে যাতে দ্রুত রাস্তা পরিষ্কার করে যান চলাচল শুরু করা যায়, তার জন্য ধসপ্রবণ এলাকাগুলির কাছে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পরিকাঠামো মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এরই মধ্যে সোমবার কালিম্পং টাউন হলে জেলা শাসক কুহুক ভূষণ এবং পুলিশ সুপার অপরাজিতা রাইয়ের উপস্থিতিতে এনএইচ১০ স্ট্যাটাস অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ, ট্রাফিক, বিশাল সরকার জানিয়েছেন, পুলিশ সুপার অপরাজিতা রাইয়ের উদ্যোগেই এই অ্যাপ তৈরি হয়েছে। গত এক মাস ধরে পরীক্ষামূলকভাবে অ্যাপটি চালানো হচ্ছিল। সোমবার থেকে তা সরকারিভাবে চালু হয়েছে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে গিয়ে এনএইচ১০ স্ট্যাটাস লিখে সার্চ করলেই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এরপর সহজেই কালিম্পং এবং সিকিমমুখী ১০ নম্বর জাতীয় সড়কের ধস, যানজট, রাস্তা চালুর সম্ভাব্য সময় এবং ট্রাফিক সংক্রান্ত প্রয়োজনীয় আপডেট মোবাইলেই পাওয়া যাবে।