• দুর্যোগকে ডোন্ট কেয়ার করে সড়কপথেই যাত্রা মুখ্যমন্ত্রীর, হুমায়ুন গড়ে বড় বার্তা
    দৈনিক স্টেটসম্যান | ১০ জুলাই ২০২৬
  • দুর্যোগপূর্ণ আবহাওয়া মাথায করেই শুক্রবার যথাসময়ে বেরিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মুর্শিদাবাদের জেলার সমস্ত কর্মসূচি করতে আকাশপথ ছেড়ে সড়কপথ ধরলেন। রীতিমতো ডোন্ট কেয়ার মেজাজে দুর্যোগপূর্ণ আবহাওয়ার বুক চিড়ে মুর্শিদাবাদ সফরে গিয়েছেন তিনি। জেলা প্রশাসন এবং বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে আবহাওয়া খারাপ থাকায় কলকাতা থেকে হেলিকপ্টারে মুর্শিদাবাদে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বদলে মুখ্যমন্ত্রী সড়কপথে মুর্শিদাবাদে আসছেন। শুক্রবার সকাল থেকে নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। আর তার জেরেই এভাবে মুর্শিদাবাদে এলেন মুখ্যমন্ত্রী।

    এদিকে মুখ্যমন্ত্রী হওয়ার পর শুক্রবার প্রথমবার মুর্শিদাবাদ জেলায় এসেছেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদ জেলায় বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলায় তাঁর তিনটি কর্মসূচি আছে। তাই ১২ নম্বর জাতীয় সড়ক ধরে হরিণঘাটার বিরহী অতিক্রম করে মুখ্যমন্ত্রীর কনভয় মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছে। স্বাভাবিকভাবেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শুভেন্দু অধিকারীর যাত্রাপথ। বহরমপুরের একটি বেসরকারি হোটেলে দলের বহরমপুর সাংগঠনিক জেলার কোর কমিটির নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। তাঁর রবীন্দ্র সদনে প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটি বৈঠক করার আছে। প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী রেজিনগরের তোকিপুরে বিজেপির কার্যকর্তা সম্মেলনে বক্তব্য রাখবেন।

    অন্যদিকে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরের গড় রেজিনগর। গত ২৯ জুন বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবীরের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্য জোর বিতর্ক তৈরি করেছিল। যার প্রেক্ষিতে সুর চড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী। হুমায়ুনের উদ্দেশে বলেছিলেন, ‘এনাফ ইজ এনাফ। এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে। মনে রাখবেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে সেসময় যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। এখন এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। দুটো কেস আমরা দায়ের করেছি। বিএনএসের সব ধারা দিয়েছি। পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। আমি একসপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছি। দেশে আইন শেষ কথা বলে, কোনও বাপের বেটা বলে না।’

    তাছাড়া এই কথা বলার পর মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া কলকাতা থেকে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই রয়েছে। শুক্রবার সকাল থেকে কলকাতার নানা প্রান্তে যেমন নাগাড়ে বৃষ্টি চলছে, তেমনই বৃষ্টি শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলাতেও। এই সফর নিয়ে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলেন, ‘মুখ্যমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে আমি জানতে পেরেছি তিনি কলকাতা থেকে সড়কপথে মুর্শিদাবাদের আসবেন। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ জেলা কর্মসূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলায় এসে প্রথমেই বহরমপুর সংগঠনিক জেলা কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী আমাকে উপস্থিত থাকতে বললে আমি থাকব। তবে প্রশাসনিক বৈঠক এবং রেজিনগরে রাজনৈতিক কর্মসূচিতে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গেই থাকছি।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)