• সিসিটিভি অকেজো করে প্রণামীর টাকা গায়েব, গুয়াহাটি মন্দিরে চুরির তদন্তে পুলিশ
    প্রতিদিন | ১০ জুলাই ২০২৬
  • রামমন্দিরে চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। সেই ডামাডোলের মাঝেই এবার অসমের গুয়াহাটির মন্দিরে (Guwahati Balaji Temple) চুরি। সিসিটিভি অকেজো করে লোপাট করা হয়েছে মন্দিরের প্রণামী বাক্সের টাকা। বৃহস্পতিবার এই তথ্য জানাজানি হতেই শোরগোল পরে গিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

    জানা গিয়েছে, এই চুরির ঘটনা ঘটে বুধবার রাতে গুয়াহাটির বেতকুচির পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দিরে। মন্দির কমিটির দাবি, চুরির আগে সিসিটিভি অকেজো করে দেয় দুষ্কৃতীরা। যার জেরে ঘটনার তদন্তে নেমে চুরির কোনও ফুটেজ সংগ্রহ করা যায়নি। মন্দির কর্তৃপক্ষের দাবি বৃহস্পতিবার সকালে বিষয়টি তাঁদের নজরে আসে। দেখা যায়, মন্দির চত্বরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে দান বাক্সগুলি। ভিতরে থাকা সমস্ত টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এমনকী বালাজি মন্দির ছাড়াও সেখানে থাকা দুর্গা ও পদ্মাবতী মন্দিরের প্রণামী বাক্সও চুরি গিয়েছে। সন্দেহ করা হচ্ছে, দানবাক্সের পাশাপাশি আশঙ্কা করা হচ্ছে মন্দিরের মূল্যবান সামগ্রীও চুরি গিয়েছে।

    এদিকে এই ঘটনায় পুলিশের তরফে জানানো হয়েছে, মন্দির কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীরা কোন পথ ধরে মন্দিরে প্রবেশ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি অনুযায়ী, ১৯৯৮ সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকে এতদিনে এখানে কোনওরকম চুরির ঘটনা ঘটেনি। এই চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন এলাকাবাসী।

    উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রামমন্দির, বদ্রীনাথ-সহ দেশের একাধিক মন্দিরে চুরির ঘটনা শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে এই ধরনের চুরির নেপথ্যে রয়েছে মন্দিরের ভিতরের লোকজন। এখানেও সেই ধরনের ঘটনা ঘটতে পারে বলে অনুমান করছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)