• আর ওয়াই প্লাস নয়, কমল অধীর চৌধুরীর নিরাপত্তা, নেপথ্যে কোন রাজনৈতিক সমীকরণ?
    প্রতিদিন | ১০ জুলাই ২০২৬
  • দীর্ঘদিন ধরেই কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) নিরাপত্তা নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে। কোনও পদে না থেকে কেন তিনি ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কালীঘাট তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বাংলায় ক্ষমতায় আসার ২ মাস পেরতেই কমল অধীররঞ্জন চৌধুরীর নিরাপত্তা। আগে তিনি ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এখন এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাবেন বলেই সূত্রের খবর। 

    অধীর চৌধুরী সাংসদ থাকাকালীন ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। তাঁর সঙ্গে থাকতেন পাঁচজন জওয়ান। ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। কিন্তু নিজের গড়েই হেরে যান। স্বাভাবিক নিয়ম অনুযায়ী, সাংসদ পদ চলে যাওয়ায় নিরাপত্তাও কমে যাওয়ার কথা। কিন্তু দেখা যায়, তারপরও অধীর চৌধুরী ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তাই পাচ্ছেন। নিরাপত্তা রক্ষী নিয়ে কেন্দ্রের সঙ্গে অধীরের ‘আঁতাঁত’ আছে বলেও সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিস্বার্থে অধীর বিজেপি বিরোধিতা করেন না বলেও অভিযোগ উঠেছিল। যদিও সেসবকে গুরুত্ব দেননি কংগ্রেস নেতা। উলটে দেখা যায় ছাব্বিশের নির্বাচনের আগে নিরাপত্তা আরও বাড়ানো হয় তাঁর। তা নিয়েও কম বিতর্ক হয়নি। তবে হঠাৎ কমিয়ে দেওয়া হল তাঁর নিরাপত্তা। আচমকা এই নিরাপত্তা প্রত্যাহারের নেপথ্যে রাজনীতির জটিল অঙ্ক রয়েছে বলেই দাবি নিন্দুকদের।

    তবে চব্বিশের লোকসভার পর ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও হেরেছেন অধীর। এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের কোনও পদেও নেই তিনি। ফলে সরকারি নিয়ম অনুযায়ী নিরাপত্তা কমে যাওয়াই স্বাভাবিক। শুক্রবার এপ্রসঙ্গে প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা বলেন, “কমেছে নাকি বেড়েছে আমি জানি না। আগেও কয়েকজন থাকত। এখনও পর্যন্ত দেখছি আছে। বাকিটা আমার জানা নেই। তবে আমি কোনওদিন কারও কাছে নিরাপত্তা চাইনি।” অর্থাৎ বুঝিয়ে দিলেন, নিরাপত্তা বাড়ানো বা প্রত্যাহারের নেপথ্যে তাঁর সঙ্গে বিজেপির সম্পর্কের কোনও যোগ নেই। 
  • Link to this news (প্রতিদিন)