আসানসোলে ‘সরাসরি দিদিভাই’, পুরমন্ত্রীর নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই জি টি রোডে বুলডোজার অ্যাকশন!
প্রতিদিন | ১০ জুলাই ২০২৬
বৃহস্পতিবারই আসানসোলের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবৈধ দখলদারদের কড়া হুঁশিয়ারি দিয়ে গিয়েছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই আসানসোল জি টি রোডে চলল বুলডোজার অ্যাকশন। সাধারণ মানুষের হাঁটার রাস্তা ও পার্কিংয়ের জায়গা ফিরিয়ে দিতে বড়সড় পদক্ষেপ নিল আসানসোল পুর প্রশাসন। শুক্রবার সকালে রাহালেন মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত জিটি রোডের দু’পাশে ফুটপাত ও রাস্তার ধারের অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। আর এই উচ্ছেদ অভিযান ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। জি টি রোডের কাছে অবৈধ দোকান ভাঙতে বুলডোজার পৌঁছতেই ঘিরে ধরে ব্যবসায়ীরা। শুরু হয় তুমুল বিক্ষোভ। বুলডোজার রুখতে পুলিশের সঙ্গে একপ্রস্থ বচসায় জড়ান তাঁরা। এরপর প্রশাসনের আশ্বাসে জমায়েত হঠিয়ে শুরু হয় দোকান ভাঙা।
ব্যবসায়ীদের অভিযোগ, “মুখ্যমন্ত্রীর বলেছিলেন দুর্গাপুজো পর্যন্ত উচ্ছেদ অভিযান হবে না। সে সব মিথ্যে হয়ে গেল। আমাদের কোনও নোটিসও দেওয়া হয়নি। সকাল থেকে বৃষ্টি পড়ছে, দোকান থেকে জিনিস সরানোর আগেই সব ভেঙে দিল।” বৃহস্পতিবারই শহরের নাগরিক সমস্যা নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানান, “মূল ফুটপাতের পুরনো হকারদের সরানো হচ্ছে না। তবে পার্কিংয়ের জায়গা দখল করে বসা দ্বিতীয় সারির অস্থায়ী হকারদের জন্য বিকল্প জায়গা চিহ্নিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।” প্রায় ২,০০০ হকারকে পুনর্বাসন দেওয়ার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তাঁরাই অগ্রাধিকার পাবেন।
এদিকে শুক্রবার থেকেই পুরমন্ত্রীর অগ্নিমিত্রার হাত ধরে আসানসোল দক্ষিণ বিধানসভার মহিশীলা বড়তলা বাজারে ‘সরাসরি দিদিভাই’ সেবাকেন্দ্রের উদ্বোধন হল। এই কেন্দ্রের মাধ্যমে মানুষের কাছ থেকে সুবিধা ও অসুবিধার কথা শুনলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন মন্ত্রীকে কাছে পেয়ে অসুবিধার কথা জানাতে পেরে খুশি এলাকার মানুষ।মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার এই কর্মসূচির আসল লক্ষ্য।