তৃণমূল জমানায় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পেয়েছেন বহু ভুয়ো নাগরিক। বিজেপি সরকারের তোলা এই অভিযোগের সত্যতাও প্রকাশ্যে এসেছে বেশ কয়েকটি জেলায়। সেসব রুখে স্বচ্ছভাবে ‘অন্নপূর্ণা যোজনা’র সুবিধা প্রদানে গোড়া থেকেই তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। শুক্রবার মুর্শিদাবাদ সফরে গিয়ে আরেকবার সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। সাফ জানালেন, ভুয়ো উপভোক্তাদের ধরতে পারলেই কড়া শাস্তি হবে।
বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ‘‘লক্ষ্মীর ভাণ্ডার, সংখ্যালঘু স্কলারশিপ-সহ বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী কারা, সেসব ভেরিফিকেশন করতে গিয়ে দেখলাম অন্তত ৬০০টি ভুয়ো। বিভিন্ন সরকারি প্রকল্পে অধিকাংশ জাল। এবার আমরা ভালো করে নথি পরীক্ষা করছি। ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিংক, কেওয়াইসি আছে কিনা, এসব দেখতে গিয়ে ভুয়ো ধরা পড়ছে। ২টো মাস সময় দিন, ভেরিফিকেশনের কাজ হবে। ভুয়ো যারা ধরা পড়বে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।”