যান্ত্রিক ত্রুটি না অন্যকিছু! বাগডোগরায় বেসামাল যাত্রীবাহী বাসের উড়ালপুলের পিলারে ধাক্কা, মৃত ১
News18 বাংলা | ১০ জুলাই ২০২৬
: বাগডোগরার বিহার মোড়ে শুক্রবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পথচারীর। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (NBSTC) একটি সরকারি বাস আচমকাই যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মেরে উড়ালপুলের পিলারে গিয়ে সজোরে আছড়ে পড়ে। ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও খালাসি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি বাসটি ইসলামপুর থেকে শিলিগুড়ির উদ্দেশে রওনা দিয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাগডোগরার বিহার মোড়ে ঢোকার আগেই বাস থেকে বিকট শব্দ শোনা যায়। এরপরই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দুলতে শুরু করে। হঠাৎ এমন পরিস্থিতিতে বাসের ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই চিৎকার শুরু করেন এবং বাস থামানোর চেষ্টা করেন।
এরপর বিহার মোড়ে বাঁক নেওয়ার সময় রাস্তা পারাপার করছিলেন এক ব্যক্তি। নিয়ন্ত্রণহীন বাসটি তাঁকে সজোরে ধাক্কা মেরে উড়ালপুলের একটি পিলারে গিয়ে ধাক্কা খায়। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের ভিতরে থাকা বেশ কয়েকজন যাত্রীও আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ এবং বাগডোগরা ট্রাফিক গার্ডের কর্মীরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর থেকেই বাসের চালক ও খালাসির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, বাসের ব্রেক বা অন্য কোনও যান্ত্রিক অংশে ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে চালকের ভূমিকা এবং দুর্ঘটনার সময়কার পরিস্থিতিও তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সরকারি বাসের রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।