গলি থেকে বড় রাস্তা, পুরোটাই 'নদী'! মহেশতলায় বাড়ির নিচে থৈ থৈ জল, পার্কিংয়ে ভাসছে গাড়ি
News18 বাংলা | ১০ জুলাই ২০২৬
মহেশতলায় জমা জলে বন্দি সাধারণ মানুষজন। ফলে স্বাভাবিকভাবেই এই সমস্যার সমাধানের দাবি উঠছে। মহেশতলা পুরসভার ২৬, ২৭, ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ড সহ আরও একাধিক ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় জল জমে রয়েছে। গলি থেকে বড় রাস্তা, সাধারণ পাড়া থেকে বহুতল আবাসন সর্বত্র একই চিত্র। জল না নামায় যাতায়াতে চরম দুর্ভোগের পাশাপাশি মশার উপদ্রব বেড়েছে। বিভিন্ন রোগের আশঙ্কাও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। মীরপুর খাল সংস্কার না হওয়ায় এই সমস্যা চলছে বলে দাবি স্থানীয়দের।
পাম্প বসিয়েও কোন কাজ হচ্ছে না কার্যত। একাধিক বাড়ির নীচতলা ও প্রবেশপথ জলমগ্ন। পার্কিং এলাকায় জল জমে থাকছে। নিত্যদিনের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে। চারপাশে জল জমে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষজনের। তাঁদের দাবি জমা জলের কারণে মশার উপদ্রব এতটাই বেড়েছে যে দিনের বেলাতেও মশারির মধ্যে থাকতে হচ্ছে। এর মধ্যেই খালে জল ধারণক্ষমতা কমে গিয়েছে। পাম্প চালিয়েও দ্রুত জল বের করা সম্ভব হচ্ছে না। ভারী বৃষ্টি হলেই প্রতিবছর একই পরিস্থিতির সৃষ্টি হয়।
কিন্তু সমস্যার আর সমাধান হয়নি। এই সমস্যার কথা পৌরসভার কর্মকর্তারা স্বীকার করে নিয়েছেন। তাঁরা জানিয়েছেন, মহেশতলার জল জমার এই সমস্যা দীর্ঘদিনের। সমস্যা সমাধানে বড় প্রজেক্ট নিতে হবে। নতুন সরকারের কাছে বিষয়টি জানানো হয়েছে। সাধারণ মানুষদের এই সময় আরও সচেতন থাকতে হবে। সমস্যা ঠিক কোথায়, জানা গিয়েছে ২২টি ছোট খালকে মূল চড়িয়াল খালের সঙ্গে যুক্ত করলে তবেই সমস্যা মিটবে। অধিকাংশই খাল এখন গতি হারিয়ে রুগ্ন নালায় পরিণত রয়েছে।