বন্যায় ডোবা ভুতনিতে অদম্য জেদে পরিষেবা, রেকর্ড গড়ে স্বীকৃতি পেল মালদহের স্বাস্থ্য দফতর
News18 বাংলা | ১০ জুলাই ২০২৬
: প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মানুষের পাশে থেকে নিরবচ্ছিন্ন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার নজির গড়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেল মালদহের মানিকচক ব্লক স্বাস্থ্য দফতর। আমেরিকার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সাইন্টিফিক রিসার্চের জার্নাল অফ ডেন্টাল অ্যান্ড মেডিক্যাল সায়েন্স-এ স্থান পেয়েছে মানিকচক স্বাস্থ্য বিভাগের এই ব্যতিক্রমী কাজ। এই স্বীকৃতির খবরে মানিকচক ব্লক থেকে জেলা স্বাস্থ্য দফতর জুড়ে খুশির আবহ তৈরি হয়েছে।
২০২৪ ও ২০২৫ সালে পরপর দুই বছর ভয়াবহ বন্যায় প্লাবিত হয় মানিকচক ব্লকের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে ভুতনি দ্বীপ। লক্ষাধিক মানুষ সেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চিকিৎসক, নার্স, আশা কর্মী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা নৌকায় চড়ে দুর্গত এলাকায় পৌঁছে নিয়মিত চিকিৎসা, ওষুধ বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতামূলক শিবির পরিচালনা করেন। ফলে বন্যার সময় কোনও বড় ধরনের সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা যায়নি এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পেয়েছেন।
মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. অভিক শঙ্কর কুমার জানান, “পরপর দুই বছর বন্যা পরিস্থিতিতেও ভুতনি দ্বীপে ধারাবাহিকভাবে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা হয়েছিল। সময়মতো চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থার ফলে রোগ সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। এই কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক জার্নালে মানিকচকের অভিজ্ঞতা প্রকাশিত হয়েছে।” তিনি আরও জানান, “এই সম্মান স্বাস্থ্যকর্মীদের আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় নতুন অনুপ্রেরণা জোগাবে।”
মানিকচক ব্লক স্বাস্থ্য দফতরের এই সাফল্য শুধু মালদহ নয়, গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার জন্যও গর্বের বিষয়। প্রাকৃতিক দুর্যোগের সময় কীভাবে কার্যকর স্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়, তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আন্তর্জাতিক স্তরেও স্বীকৃতি পেল এই উদ্যোগ।