অপেক্ষায় ছিলেন তৃণমূল নেতা, শমীক আসতেই সোজা পায়ে ঝাঁপ! কান্নায় ভেঙে পড়ে কাতর আর্জি,হতবাক সবাই
News18 বাংলা | ১০ জুলাই ২০২৬
বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল নেতাদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ডিম৷ রাস্তাঘাটে হোক বা পুলিশের হেফাজতে থাকাকালীন আদালতে পেশ করার সময়, যখন তখন তৃণমূল নেতাদের লক্ষ্য করে উড়ে আসছে ডিম৷ ডিম ছোড়া নিয়ে এই বিতর্ক গড়িয়েছে আদালতেও৷ কিন্তু তারপরেও স্বস্তি নেই তৃণমূল নেতাদের৷ এবার পচা ডিমের আক্রমণ থেকে বাঁচতে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পা জড়িয়ে ধরলেন এক তৃণমূল নেতা৷
বৃহস্পতিবার এই ঘটনাই ঘটেছে হুগলির বাঁশবেড়িয়ায়৷ ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতিও৷ তবে শুধু পচা ডিমের আতঙ্ক নয়, শমীকের পা জড়িয়ে ধরে ওই তৃণমূল নেতার অভিযোগ, ১০ লক্ষ টাকা না দিলে বাঁশবেড়িয়ার এক বিজেপি কর্মী তাঁকে পচা ডিম মারার পাশাপাশি কোমরে দড়ি পরিয়ে ঘোরানোর হুমকি দিয়েছেন৷
বৃহস্পতিবার হুগলির বাঁশবেড়িয়ায় বিজেপি-র জেলা কার্যালয়ে এসেছিলেন শমীক ভট্টাচার্য৷ জেলা সংগঠনের কোর কমিটির বৈঠকে যোগ দিতে আসেন তিনি৷ এই খবর পেয়েই বিজেপি কার্যালয়ের বাইরে এসে শমীক ভট্টাচারর্যের জন্য আগে থেকে অপেক্ষা করতে থাকেন বাঁশবেড়িয়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কেশব দাস৷ তাঁর স্ত্রী রীতা দাসও কাউন্সিলর ছিলেন, সম্প্রতি পদত্যাগ করেছেন তিনি।
বিজেপি-র যে কর্মীর বিরুদ্ধে অভিযোগ, তিনি সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষের ঘনিষ্ঠ বলে দাবি অভিযোগকারী তৃণমূল নেতার৷
যার বিরুদ্ধে অভিযোগ সেই বিজেপি কর্মি সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষের ঘনিষ্ঠ। বিধায়ক স্বরাজ ঘোষ পরে বলেন,তৃণমূল নেতাদের উপর বিশ্বাস নেই। তাও যদি কোনও বিজেপি কর্মী টাকাপয়সা চেয়ে থাকে, তার যদি কোওন প্রমাণ থাকে, দলগতভাবে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যদি অভিযোগ মিথ্যা হয় সেটাও আমরা দেখব। বিষয়টি আমার কাছে এসেছে, আমি তদন্ত করছি৷ এ নিয়ে জেলা সভাপতির সঙ্গেও আমার কথা হয়েছে।