'সতীপীঠ কালীঘাট'-এ বিশ্বনাথ বসু, নতুন ধারাবাহিকে কোন পৌরাণিক চরিত্রে থাকবেন অভিনেতা
আজকাল | ১০ জুলাই ২০২৬
জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক 'সতীপীঠ কালীঘাট'। ইতিমধ্যেই চ্যানেলের পক্ষ থেকে এই ধারাবাহিকের প্রাথমিক ঘোষণা করা হয়েছে। কালীঘাটের ইতিহাস ও পুরাণের নানা কাহিনি নিয়ে আসছে এই ধারাবাহিক। এই মেগার কেন্দ্রীয় চরিত্রে কারা থাকবেন? সেই নিয়ে অনেকদিন ধরেই জল্পনা শুরু হয়েছে। এবার জানা যাচ্ছে, 'সতীপীঠ কালীঘাট'-এর গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন অভিনেতা বিশ্বনাথ বসু।
টলিপাড়ার অন্দরের খবর, বিশ্বনাথ বসুকে দেখা যাবে 'রাজা বসন্ত রায়'-এর চরিত্রে। রাজা বসন্ত রায়ের সঙ্গে কালীঘাটের যোগসূত্র রয়েছে। ষোড়শ শতকের মধ্যভাগে যশোরের রাজা প্রতাপাদিত্যের কাকা রাজা বসন্ত রায়ই কালীঘাটের প্রথম মন্দিরটি নির্মাণ করেন। পরবর্তীতে আদি গঙ্গার তীরে বর্তমান কালীঘাট মন্দিরটি ১৮০৯ সালে বড়িশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পৃষ্ঠপোষকতায় ও হাটখোলা দত্ত পরিবারের আর্থিক সাহায্যে সম্পূর্ণ হয়। কালীঘাটের মন্দিরের সঙ্গে বসন্ত রায়ের যোগসূত্র ও পুরাণের নানা গাঁথা নিয়ে এগোবে গল্প।
এই ইতিহাস নির্ভর ধারাবাহিকে থাকবে বহু গুরুত্বপূর্ণ চরিত্র। জানা যাচ্ছে, কালীঘাটের কালীর ভূমিকায় এবার দেখা যাবে এক নতুন মুখকে। ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রোমো শুটিং হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই চ্যানেলের পক্ষ থেকে প্রকাশ্যে আসবে 'সতীপীঠ কালীঘাট'-এর প্রথম প্রোমো।
প্রসঙ্গত, এই মুহূর্তে দর্শক বিশ্বনাথ বসুকে দেখছেন জি বাংলার রিয়্যালিটি শো 'শাশুড়ি বৌমার রান্নাঘর'-এ। যদিও বিশ্বনাথকে এই শো-এ দেখলে চেনাই দায়। তাঁর আইকনিক চরিত্র শাশুড়ির ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। বউমার চরিত্রে রয়েছেন রিখিয়া রায়চৌধুরী। এই রিয়্যালিটি শো-এর প্রতিটি পর্বে আসেন তারকারা। আর তাঁদের বিভিন্ন রকম রান্নায় জমে ওঠে 'শাশুড়ি বৌমার রান্নাঘর'।