বিশ্বকাপে ব্যর্থ হয়ে বড় পদক্ষেপ, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর সাদিও মানের
এই সময় | ১০ জুলাই ২০২৬
বিশ্বকাপে আশা জাগিয়েও বিদায় নিতে হয়েছে সেনেগালকে। আফ্রিকার যে টিমকে বিশ্বকাপ শুরুর আগে ডার্ক হর্স হিসেবে ধরা হয়েছিল, তারা ছিটকে গিয়েছে শেষ ষোলো থেকে। এ বার আফ্রিকান ফুটবলে এক অধ্যায়ের অবসান ঘটল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে (Sadio Mane)। অর্থাৎ, FIFA World Cup 2026-এই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ৩৪ বছর বয়সি তারকা ফুটবলারের এই সিদ্ধান্তে অবাক ফুটবলপ্রেমীরা।
আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা সাদিও মানের
সেনেগালের সংবাদপত্র Le Quotidien-এ এক বিবৃতিতে নিজের অবসরের কথা নিশ্চিত করেন মানে। তিনি জানান, দেশের জার্সি গায়ে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। তিনি বলেন, ‘দেশের এই জার্সির জন্য আমি সব কিছু ত্যাগ করেছি। সব সময়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং দেশের জন্য শেষ পর্যন্ত লড়াই করেছি।’
একই সঙ্গে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। দেশের হয়ে ফুটবল কেরিয়ারের কোনও মুহূর্তে তাঁদের হতাশ করে থাকলে তার জন্য ক্ষমাও চেয়েছেন সাদিও মানে।
সেনেগালের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার
২০১২ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তাঁর। এক দশকেরও বেশি সময় ধরে সেনেগাল জাতীয় দলের স্তম্ভ ছিলেন মানে। ২০২১ সালে সেনেগালের প্রথম আফ্রিকা কাপ অফ নেশন্স (Africa Cup of Nations) জয়ের নেপথ্যে বড় অবদান ছিল তাঁর। শুধু আফ্রিকাতেই নয়, বিশ্বফুটবলেও সেনেগালকে অন্যতম শক্তিশালী দল হিসেবে হিসেবে গড়ে তোলায় বড় ভূমিকা রয়েছে তাঁর। দেশের হয়ে ১৩০ ম্যাচ খেলে ৫৪টি গোল করেছেন মানে। রয়েছে ২৯টি অ্যাসিস্টও।
নতুন ভূমিকায় ফিরতে চান সেনেগালের হয়ে
সেনেগালের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার সাদিও মানে। তাঁর অবসর বড় ধাক্কা আফ্রিকান এই দলের কাছে। তবে অবসর নিলেও দেশের ফুটবল থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না মানে। ভবিষ্যতে কোচিং স্টাফ, টেকনিক্যাল টিম কিংবা প্রশাসনিক ভূমিকায় সেনেগালের ফুটবলের উন্নতির জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
সেনেগালের হয়ে সাদিও মানের পারফর্ম্যান্স
মোট ম্যাচ: ১৩০
মোট গোল: ৫৪
মোট অ্যাসিস্ট: ২৯
বড় সাফল্য: ২০২১ আফ্রিকা কাপ অফ নেশন্স জয়