• ইস্তফার হিড়িক, হুগলিতে তিন পুরবোর্ডে ভাঙন!
    আজকাল | ১১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে পালা বদলের পর থেকে একের পর এক পৌরসভায় অচলবস্থা তৈরি হয়। হুগলিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বিভিন্ন পুরসভার বোর্ড। গতকাল চাঁপদানী পুরসভার তৃনমূল চেয়ারম্যান-সহ কাউন্সিলররা পদত্যাগ করেছিলেন। শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা ও ভাইস চেয়ারম্যান উত্তম নাগ শ্রীরামপুর মহকুমা শাসকের কাছে নিজেদের পদত্যাগ পত্র জমা দেন। যদিও সে বিষয়ে কাউন্সিলররা কিছু জানতেন না। শুক্রবার শ্রীরামপুর পৌরসভাতে হয় কাউন্সিলরদের বৈঠক। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদত্যাগপত্র জমা দিলেও এখনই পদত্যাগ করছেন না তৃনমূল কাউন্সিলররা। পরবর্তী বৈঠক পর্যন্ত অপেক্ষা করবেন তাঁরা। তার পরে সিদ্ধান্ত হবে। এমনই জানিয়েছেন, শ্রীরামপুরের কাউন্সিলর গৌরমোহন দে।

    অন্যদিকে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে কাউন্সিলরদের নিয়ে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন কোন্নগরের চেয়ারম্যান স্বপন দাস। যদিও তিনি মহকুমা শাসককে জানিয়েছেন, সরকারি কোনও কাজে যদি তাঁকে দরকার হয় তাহলে তিনি অবশ্যই সাহায্য করবেন। জানা গিয়েছে, কোন্নগর পুরসভার চেয়ারম্যান-সহ আরও চারজন মহকুমা শাসকের দপ্তরে পদত্যাগ পত্র জমা দেন এবং দু'জন মেল করে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন মহকুমা শাসককে।

    অন্যদিকে বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিজেদের পদত্যাগ পত্র মেল করে দেন শ্রীরামপুর মহকুমা শাসককে। বৈদ্যবাটিতেও মোট ১৩ জন পদত্যাগ করেন শুক্রবার। পদত্যাগী চেয়ারম্যান পিন্টু মাহাতো জানান, দু'মাস ধরে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া যাচ্ছিল না। তাই আজ পদত্যাগ করেছেন সকলে।

    রিষড়া পুরসভাতেও তৃনমূল কাউন্সিলরদের পদত্যাগ নিয়ে চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই বোর্ড মিটিং হয়েছে রিষড়াতে। সূত্রের খবর, শুক্রবারই ভাঙতে পারে রিষড়া পুরো বোর্ড। পদত্যাগ করতে পারেন তৃনমূল চেয়ারম্যান-সহ কাউন্সিলররা।
  • Link to this news (আজকাল)