• '২০৭ আছি, ২০৯ করবেন?' হুমায়ুনের রেজিনগরে পদ্ম ফোটাতে শুভেন্দুর অস্ত্র ফলতা
    News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
  • রেজিনগরে উপনির্বাচনে জিতে বিধানসভায় বিজেপি-র বিধায়ক সংখ্যা ২০৯-তে নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এ দিন মুর্শিদাবাদ সফরে গিয়ে রেজিনগরে দলীয় সভা থেকে এমনই আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ রেজিনগর উপনির্বাচনে জিততে দক্ষিণ চব্বিশ পরগণার ফলতার উদাহরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ যে ফলতায় একসময় দাপট ছিল বিতর্কিত তৃণমূল নেতা জাহাঙ্গির খানের৷ ফলতার উন্নয়নে যেভাবে রাজ্য সরকার বিশেষ আর্থিক প্যাকেজ বরাদ্দ করেছে, উপনির্বাচনে বিজেপি জয়ী হলে রেজিনগরেও সেই একই ধরনের উন্নয়নের জোয়ার আসবে বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷

    মুর্শিদাবাদের নওদার পাশাপাশি রেজিনগরেও জয়ী হয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর৷ নিয়ম মতো একটি আসন ছাড়তে হওয়ায় রেজিনগরের বিধায়ক পদ ছেড়েছেন হুমায়ুন৷ ফলে সেখানে উপনির্বাচন হবে৷ আবার শুভেন্দু অধিকারীও নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন৷ তাই রেজিনগরের মতো উপনির্বাচনে হবে নন্দীগ্রামেও৷ যদিও নন্দীগ্রামে বিজেপি-র জয় নিয়ে নিশ্চিত মুখ্যমন্ত্রী৷ নন্দীগ্রামে বিজেপি বিশাল ব্যবধানে জয়ী হবে বলেও এ দিন দাবি করেছেন শুভেন্দু অধিকারী৷

    রেজিনগরে পদ্ম ফোটাতে মরিয়া শুভেন্দু অধিকারী বলেন, আমি ফলতায় গিয়েও একই কথা বলেছিলাম৷ ভোটের ফল বেরনোর পর ফলতাকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে৷ নতুন মহিলা কলেজ, দমকল কেন্দ্র পেয়েছে ফলতা৷ একশো বেডের হাসপাতাল হচ্ছে৷ রেজিনগরেও দু হাত ভরে দেবো৷ আমাদের ২০৭ জন বিধায়ক আছে৷ নন্দীগ্রামে ২০৮ করা আমার দায়িত্ব৷ কিন্তু আপনারা কথা দিন, রেজিনগর থেকে আমাদের জিতিয়ে ২০৯ করবেন?

    শোনা যাচ্ছে রেজিনগর থেকে নিজের ছেলেকে প্রার্থী করতে পারেন হুমায়ুন৷ আম জনতা উন্নয়ন পার্টির নেতার নাম না করেই শুভেন্দু বলেন, আপনারা কাকে বিধানসভায় পাঠাবেন? যে ঝগড়া করবে, ধমকাবে, হিন্দু-মুসলমান করবে না কি আপনারা উন্নয়ন চাইবেন? উন্নয়ন যদি চান, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ৷ আরও স্কুল, আলো, রাস্তা যদি চান পদ্ম ফোটাতে হবে৷ ফলতায় কথা দিয়েছিলাম, কথা রেখেছি৷ মুর্শিদাবাদ থেকে আপনারা আমাদের ৮ জন বিধায়ক দিয়েছেন, ৯ জন চাই৷ দম্ভ, অহঙ্কার ভাঙতে হবে৷ কার অহঙ্কার, কার দম্ভ বললাম না৷ নাম বললে অনেকে হিরো হয়৷ তাই নাম বললাম না৷
  • Link to this news (News18 বাংলা)