নার্সারি তো নয়, যেন ওষুধের খনি! বসিরহাটে সাড়া ফেলেছে এই বিশেষ নার্সারি
News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
: ফুল-ফলের নার্সারির ভিড়ে ব্যতিক্রমী ভেষজ উদ্ভিদের সম্ভার, বসিরহাটে নজর কেড়েছে প্রবীণ উদ্যোক্তা। সাধারণত বিভিন্ন এলাকায় ফলজ, ফুলের কিংবা শৌখিন গাছের নার্সারিই বেশি দেখা যায়। কিন্তু সেই চেনা ছবির বাইরে সম্পূর্ণ ভিন্নধর্মী উদ্যোগ নিয়ে নজর কেড়েছেন উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকার প্রবীণ বাসিন্দা অরবিন্দ মণ্ডল। নিজের বাড়িতেই তিনি গড়ে তুলেছেন একটি ব্যতিক্রমী ভেষজ উদ্ভিদের নার্সারি।
একসময়ের বায়োসায়েন্সের ছাত্র অরবিন্দ মণ্ডল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ঔষধি ও ভেষজ গাছ সংগ্রহ, সংরক্ষণ এবং পরিচর্যা করে আসছেন। ধীরে ধীরে সেই আগ্রহই রূপ নিয়েছে একটি সমৃদ্ধ ভেষজ নার্সারিতে। বর্তমানে তাঁর সংগ্রহে রয়েছে কয়েক হাজার ভেষজ গাছ ও চারাগাছ। নার্সারিতে তুলসী, অ্যালোভেরা, বাসক, ননী, গুলঞ্চ, শতাবরী, পাথরকুচি, কালমেঘ, অর্জুন, নিম-সহ নানা ধরনের পরিচিত ও বিরল ভেষজ উদ্ভিদের চারা রয়েছে। প্রতিটি গাছই তিনি অত্যন্ত যত্নের সঙ্গে লালন-পালন করেন। বিভিন্ন প্রয়োজনে স্থানীয় মানুষ থেকে শুরু করে দূর-দূরান্তের ক্রেতারাও এখানে এসে ভেষজ গাছ সংগ্রহ করেন।
এলাকায় ভেষজ উদ্ভিদকেন্দ্রিক এমন বিশেষায়িত নার্সারি খুব কম থাকায় অরবিন্দ মণ্ডলের এই উদ্যোগ ইতিমধ্যেই বিশেষ পরিচিতি পেয়েছে। ভেষজ গাছের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যরক্ষার বার্তাও ছড়িয়ে দিচ্ছে তাঁর এই নার্সারি। অরবিন্দ মণ্ডলের কথায়, আধুনিক জীবনে মানুষ আবারও প্রাকৃতিক ও ভেষজ উদ্ভিদের দিকে ঝুঁকছেন। সেই চাহিদার কথা মাথায় রেখেই তিনি বিভিন্ন প্রজাতির ভেষজ গাছের চারা প্রস্তুত করেন। ভবিষ্যতে আরও নতুন প্রজাতির ঔষধি উদ্ভিদ সংগ্রহ করে এই নার্সারিকে সমৃদ্ধ করার পরিকল্পনাও রয়েছে তাঁর।