'একটি পরিবারই মাসে ১৫ থেকে ১৮হাজার টাকা পেতে পারে',অন্নপূর্ণা ছাড়াও কী কী সুযোগ?বোঝালেন শুভেন্দু
News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে সামাজিক প্রকল্পগুলি চলছে, তার সুফল হিসেবে একটি পরিবারই মাসে ১৫০০০ থেকে ১৮ হাজার টাকা পাচ্ছে৷ এ দিন মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকের পর এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
এ দিন বহরমপুরে প্রশাসনিক বৈঠকে জেলার পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য জেলাশাসককে উদ্যোগী হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যে যে সামাজিক প্রকল্প চালু করেছে, তার সুবিধা ঠিক ভাবে পেলে একটি প্রান্তিক পরিবার প্রতিমাসে ১৫০০০ থেকে ১৮০০০ টাকা পর্যন্ত পেতে পারে৷
মুখ্যমন্ত্রী বলেন, ‘মুর্শিদাবাদ জেলায় ১৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন৷ তার মধ্যে ১২ লক্ষ মহিলা ১ জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন৷ জিআরমজি প্রকল্পের কাজ আছে৷ এ ছাড়াও অন্যান্য সামাজিক প্রকল্প৷ নির্মাণ কর্মী, বিড়ি শ্রমিকদের জন্য ভারত সরকার এবং রাজ্য শ্রম দফতরের প্রকল্প আছে৷ পিএম কিষান নিধি বা কৃষক বন্ধু আছে৷ বার্ধক্য ভাতায় ৫০০ টাকা বাড়ানো হয়েছে৷ ১২৫ দিনের কাজে অদক্ষ শ্রমিকরা দৈনিক ৩০০, মাঝারি দক্ষরা ৪৫০ এবং দক্ষরা ৬০০ টাকা করে পেতে পারেন৷ সবমিলিয়ে আমরা হিসেব করে দেখেছি একটি প্রান্তিক পরিবার ১৫০০০ থেকে ১৮০০০ টাকা পেতে পারে৷ এর সঙ্গে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার রেশন এবং আয়ুষ্মান ভারতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আছে৷’
শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তৃণমূল সরকারের আমলে মুর্শিদাবাদ জেলায় সামাজিক প্রকল্পগুলির অনুদান বা ভাতা দেওয়ার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে৷ প্রচুর ভুয়ো উপভোক্তার খোঁজ মিলেছে৷ শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই ৬০০ ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ মিলেছে৷ ৩৫০০ ভুয়ো সংখ্যালঘু স্কলারশিপের ক্ষেত্রে ৩৫০০ ভুয়ো অ্যাকাউন্ট মিলেছে৷ এসসি,এসটি, প্রতিবন্ধীদের স্কলারশিপের টাকা ভুয়ো অ্যাকউন্টে ঢুকছ৷
এই দুর্নীতি বন্ধ করতেই রাজ্য সরকার অন্নপূর্ণা ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্প আবেদনকারীদের নথি যাচাইয়ে জোর দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দু অধিকারী বলেন, ‘আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকত না৷ আমরা তাই দেখে নিচ্ছি আধারের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি না৷ প্রয়োজনীয় ভেরিফিকেশ করা হচ্ছে বলেই একটু লময় লাগছে৷ বিডিও-রা আমাকে কথা দিয়েছেন, সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পের ভেরিফিকেশনের কাজ শেষ করবে৷ ভুয়ো যারা টাকা নিচ্ছিল তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে৷’