• তৃণমূল নেতার মাথায় ডিম ফাটিয়ে বলেছিলেন সরকারি অর্ডার! দু দিনেই সুর বদল রামনগরের বিজেপি নেতার
    News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
  • প্রবীণ তৃণমূল নেতার মাথায় ডিম ফাটিয়ে তিনি দাবি করেছিলেন, সরকারই নাকি এই অর্ডার দিয়েছে৷ নিজেকে এলাকার ইনচার্জ বলেও দাবি করেছিলেন রামনগরের বিজেপি নেতা৷ কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসতেই কড়া মনোভাব দেখিয়েছিল জেলা বিজেপি নেতৃত্ব৷ তার পরেই সুর বদলে গেল অভিযুক্ত বিজেপি নেতার৷ সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে তিনি স্বীকার করে নিলেন, সরকারি কোনও অর্ডার নয়, তৃণমূল নেতার প্রতি ব্যক্তিগত আক্রোশ থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি৷ বিজেপি-র জেলা সভাপতির কাছেও ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন অভিযুক্ত বিজেপি নেতা সুব্রত জানা৷

    সুব্রত জানা রামনগর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বিজেপি-র সদস্য৷ গত বুধবার স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলের কর্মাধ্যক্ষ মানস দাসের মাথায় একের পর এক ডিম ফাটিয়েছিলেন সুব্রত জানা৷ প্রবীণ ওই তৃণমূল নেতা এবং স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করায় ওই বিজেপি নেতা যুক্তি দেন, সরকারই নাকি ডিম মারার অর্ডার দিয়েছে৷ নিজেকে এলাকার ইনচার্জ বলেও দাবি করেন তিনি৷ যদিও ঘটনাস্থলে থাকা এলাকার বাসিন্দারাই সুব্রত জানা নামে ওই বিজেপি নেতার বিরুদ্ধে সরব হন৷

    এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই কড়া মনোভাব দেখান কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী৷ তিনি বলেন, ‘অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে৷ দল এবং সরকার কোনও ভাবেই এসব অনুমোদন করে না৷ যিনি করেছেন, নিশ্চিত ভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷’

    কাঁথির সাংসদের এই কড়া মনোভাবের পরই টনক নড়ে অভিযুক্ত বিজেপি নেতার৷ এ দিন প্রকাশ্যে ভিডিও পোস্ট করে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন তিনি৷ সুব্রত জানা বলেন, ‘গত ৮ জুলাই মানস দাসের উপরে ডিম মারার যে ঘটনা ঘটেছে, সেটা সম্পূর্ণ ব্যক্তিগত রাগের ফল৷ দীর্ঘদিনের নির্যাতন, মিথ্যা মামলা দেওয়ার জেরে তৈরি হওয়া রাগ থেকেই এই ঘটনা আমি ঘটিয়েছি৷ এই ঘটনায় আমাদের সরকার বা জেলা সভাপতি, চার জন মণ্ডল সভাপতি অথবা কোনও কার্যকর্তার নির্দেশ ছিল না৷ এই ঘটনার সময় সরকারি অর্ডারের কথা উল্লেখ করেছিলাম, সেটাও ভুল৷ কোনও সরকারি নির্দেশ ছিল না৷ আমি কোনও ভাবে দল অথবা সরকারকে কালিমালিপ্ত করতে চাইনি৷ আমি রাজ্য সরকার, বিজেপি-র জেলা সভাপতি, মণ্ডল সভাপতিদের কাছে ভুল স্বীকার করছি৷ ভবিষ্যতে এরকম কোনও ঘটনা ঘটাবো না, সেই অঙ্গীকারও করছি৷’
  • Link to this news (News18 বাংলা)