• হাঁটাও অসম্ভব, জল-কাদায় ভরা ১০ নম্বর জাতীয় সড়ক যেন চাষের জমি! বিপর্যস্ত যোগাযোগ
    প্রতিদিন | ১১ জুলাই ২০২৬
  • ভূমিধস ও বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি-সিকিম যোগাযোগ ব্যবস্থা। পাথর সরানো হলেও জলকাদায় ১০ নম্বর জাতীয় অবরুদ্ধ বিভিন্ন জায়গায়। তীব্র যানজটে পর্যটকদের নাজেহাল দশা। দার্জিলিং পাহাড়ের মহানদী এলাকাতেও ভূমিধসে সড়ক বিপজ্জনক হয়েছে। সড়ক দুর্ঘটনাও বেড়েছে। জল-কাদায় ভরা ১০ নম্বর জাতীয় সড়ক যেন চাষের জমি! ডালি গুম্ফা সংলগ্ন পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে একটি ওয়াগনর খাদে ঝুলে পড়ার ঘটনা ঘটেছে। এদিকে সমতলে অতিভারী বৃষ্টিতে কোচবিহার শহরের বিভিন্ন প্রান্ত জলবন্দি হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ১৫ জুলাই পর্যন্ত উত্তরে দুর্যোগ চলবে।

    বৃহস্পতিবার ব্যাপক ভূমিধসে বিধ্বস্ত ১০ নম্বর জাতীয় সড়ক থেকে পাথর-মাটি সরিয়ে যান চলাচল শুরু করা হলেও ভোগান্তি কাটেনি। বিভিন্ন জায়গায় এতটাই কাদা জমে আছে যে হেঁটেও পারাপার সম্ভব নয়! মেল্লি-জোরেথাং সড়ক রীতিমতো চাষের মাঠের চেহারা নিয়েছে। একই পরিস্থিতি রংপো-সিংতামের মধ্যে ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইল এলাকা। শুক্রবার ওই এলাকায় প্রচুর পর্যটকের গাড়ি আটকে পড়ে। তীব্র যানজটে নাকাল হতে হয় তাদের। কালিম্পং জেলা এবং সিকিম পুলিশের তরফে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

    সিকিম পুলিশের এক কর্তা জানান, ভরা বর্ষার মরশুমে পাহাড়ে এখন ভারী বৃষ্টিপাত চলছে। তাই ভূমিধসে রাস্তা ক্ষতিগ্রস্ত হতেই পারে। সেটা মাথায় রেখে ভ্রমণসূচি সাজাতে হবে। বৃহস্পতিবার বিশাল ভূমিধসের ফলে মেল্লি-জোরেথাং সড়ক পাথর, মাটিতে চাপা পড়ে যায়। বড় পাথরের চাই, কাদা রাস্তায় আছড়ে পড়ে। যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রবল ঝড়ও হয়। দ্রুত ওই রাস্তা থেকে পাথরের চাইগুলো সরানো সম্ভব হয়েছে মাত্র। কাদা ভেঙে গাড়ি চলছে। দার্জিলিং পাহাড়ের মহানদী এলাকাতেও ভূমিধসে রাস্তা বিপজ্জনক হয়েছে। বৃষ্টির জেরে ডালি গুম্ফা সংলগ্ন পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে একটি ছোট গাড়ি। সেটি খাদে ঝুলে পড়ে।
  • Link to this news (প্রতিদিন)