খাস কলকাতায় যৌন নির্যাতনের শিকার শিশুকন্যা! ৫ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ তার মামার বিরুদ্ধে। প্রাথমিক তদন্তের পরই অভিযুক্ত মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। টালা থানায় দায়ের জিরো এফআইআর। ঘটনাটির তদন্ত শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। শিশুটি আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা শিশু লেকটাউন থানা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে নিয়ে আসেন আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। শিশুটির চিকিৎসার সময় শিউরে ওঠেন চিকিৎসক। জানা যাচ্ছে, নাবালিকার শরীরে যৌন নির্যাতনের চিহ্ন দেখতে পারেন চিকিৎসক! সঙ্গে সঙ্গে খবর দেন আর জি কর পুলিশ ফাঁড়িতে। পুলিশ আসার পর খবর যায় টালা থানায়। টালা থানার আধিকারিকরা একটি জিরো এফআইআর দায়ের করেন। পরে পাঠিয়ে দেওয়া হয় লেকটাউন থানায়। তদন্তে নামে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর প্রথমে আটক করা হয় শিশুটির মামাকে। তারপর তাকে গ্রেপ্তার করে পুুলিশ। শিশুটি বর্তমানে আর জি কর হাসপাতালেই চিকিৎসাধীন। তার চিকিৎসা চলছে। নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। কথা বলা হচ্ছে শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে। ঘটনায় আর কেউ যুক্ত কি না, খতিয়ে দেখা হচ্ছে।