বলাগড় হয়ে নতুন সরকারি বাস পরিষেবা, কালনা থেকে চুঁচুড়া পর্যন্ত শুরু নতুন রুট
News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্য যাতায়াতের সুবিধার কথা আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার৷ এবার হুগলির বলাগড়েও বিনামূল্যে সরকারি বাসে চড়ার সুযোগ পাবেন মহিলারা৷ কারণ শুক্রবার থেকেই কালনা থেকে চুঁচুড়া পর্যন্ত চালু হল নতুন সরকারি বাস পরিষেবা৷ বলাগড়ের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী সুমনা সরকারের উদ্যোগে এই নতুন বাস পরিষেবা শুরু হয়েছে৷
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর হুগলিতে শুরু হল নতুন সরকারি বাস পরিষেবা। শুক্রবার থেকে চালু হওয়া এই নতুন পরিষেবায় পূর্ব বর্ধমানের কালনা থেকে হুগলির চুঁচুড়া পর্যন্ত চলবে নতুন সরকারি বাস। বলাগড়ের বিধায়ক তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের উদ্যোগে এই পরিষেবা শুরু হচ্ছে।
জানা গিয়েছে, সকাল ৮ টায় কালনা থেকে ছাড়বে বাসটি। গুপ্তিপাড়ায় পৌঁছাবে সকাল ৮:২০ মিনিটে৷ যাত্রাপথে বাসটি সোমরা বাসস্ট্যান্ড, বলাগড় বাস স্ট্যান্ড, জিরাট বাস স্ট্যান্ড, ডুমুরদহ বাস স্ট্যান্ড, শেরপুর বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় দাঁড়াবে, এরপর মগরা ,ত্রিবেণী হয়ে পৌঁছবে চুঁচুড়ায়।
সারাদিনে মোট ২টি বাস চলবে। যাত্রীদের থেকে ভাল সাড়া পাওয়া গেলে আস্তে আস্তে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে মন্ত্রী সুমনা সরকার।
বিনামূল্যে যাতায়াতের জন্য মহিলাদের বাসে উঠতে আধার কার্ড বা ভোটার কার্ড দেখাতে হবে। কার্ড দেখালেই মিলবে বিনামূল্যে যাতায়াতের সুবিধা।
মন্ত্রী সুমনা সরকার বলেন, মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রীর কাছে আমরা আবেদন করেছিলাম। সেইমতো এই বাস পরিষেবা শুরু হচ্ছে। বলাগড় এলাকা থেকে প্রচুর মহিলা কাজের জন্য বাইরে যান। বাস ভাড়া দিতে তাঁদের অনেক টাকা খরচ হয়। বিনামূল্যে বাস পরিষেবা পেলে মহিলা যাত্রীরা উপকৃত হবেন৷ কাজ, পড়াশোনা ও চিকিৎসার জন্য রোজ যাতায়াতকারী মহিলাদের এই বিনামূল্যে বাস পরিষেবা বড় স্বস্তি দেবে।