এই সময়: রাজ্যে সব গণপরিবহণ ও বাণিজ্যিক গাড়িতে ভেহিকল লোকেশন ট্র্যাকিং ডিভাইস (ভিএলটিডি) এবং প্যানিক বাটন বসানো বাধ্যতামূলক করল রাজ্য। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের প্রেক্ষিতে এ নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের কড়া বার্তার পরেই রাজ্য পরিবহণ দপ্তর একটি নির্দেশিকা জারি করেছে। তাতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই ব্যবস্থা নিশ্চিত না করা হলে কোনও গণপরিবহণকে আর ফিটনেস সার্টিফিকেট বা পারমিট দেওয়া হবে না।
রাজ্যের সব আঞ্চলিক পরিবহণ আধিকারিক (আরটিও) এবং অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ আধিকারিকের (এআরটিও) কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে প্রতিটি জেলাকে ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ জমা দিতে হবে পরিবহণ ডিরেক্টরেটে। প্রতিটি গাড়িতে ডিভাইস ঠিক ভাবে কাজ করছে কি না, তা সরাসরি ‘বাহন’ ডেটাবেসের রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থার মাধ্যমে নজরদারি করা হবে।
সরকারি সূত্রে খবর, সামগ্রিক বিষয়টি তদারকি করার জন্য পরিবহণ ডিরেক্টরেটের জয়েন্ট ডিরেক্টরকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। রাজ্যের তথ্যপ্রযুক্তি সংস্থা ‘ওয়েবেল’-কেও এই ব্যবস্থার অগ্রগতি নিয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পরিবহণ বিশেষজ্ঞদের মতে, এই নিয়ম কঠোরভাবে চালু হলে দূরপাল্লার বাস, ট্যাক্সি বা অ্যাপ-ক্যাবগুলিতে মহিলাদের নিরাপত্তা অনেকটাই সুনিশ্চিত হবে।