• পিটি করার সময়ে লুটিয়ে পড়ল ১৭ বছরের কিশোর, ডিফেন্স অ্যাকাডেমিতে ফের মৃত্যু প্রথম বর্ষের ক্যাডেটের
    এই সময় | ১১ জুলাই ২০২৬
  • পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণের সময়ে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক কিশোর ক্যাডেটের। অ্যাকাডেমি সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অভিনব বাজপেয়ী (১৭)। শুক্রবার সকালে পিটি (ফিজিক্যাল ট্রেনিং) করার সময়ে আচমকাই অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। গত বছরের অক্টোবর থেকে এই নিয়ে প্রথম বর্ষের তিন ক্যাডেটের মৃত্যু হলো ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে।

    অ্যাকাডেমির প্রতিরক্ষা জনসংযোগ দপ্তরের তরফে জানানো হয়েছে, এ দিন নতুন ব্যাচের প্রথম বার ফিজিক্যাল ট্রেনিং করছিল। হঠাৎই অভিনব ট্রেনারকে গিয়ে বলে, তার শরীরে অস্বস্তি হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে তাকে খড়কওয়াসলার সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে বাঁচানোর যাবতীয় চেষ্টা করেন। কিন্তু তাতে লাভ হয়নি।

    অভিনবর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। সেই কারণেই কোর্ট অফ ইনকোয়ারি (সিওআই)-র নির্দেশ দিয়েছেন পুনের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি কর্তৃপক্ষ। রিপোর্টের অপেক্ষায় রয়েছে মৃত কিশোরের পরিবার ও প্রশাসন।

    সূত্রের খবর, অভিনবর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। গোটা বিষয়টি জানানো হয়েছে স্থানীয় পুলিশকেও। অ্যাকাডেমি সূত্রে জানা গিয়েছে, আর্মি অফিসার হওয়ার স্বপ্ন নিয়ে গত ২৪ জুন এনডিএ-তে যোগ দিয়েছিল অভিনব। কিন্তু দু’সপ্তাহের মধ্যে অকালে থেমে গেল তার পথচলা।

    উল্লেখ্য, এর আগে গত বছরের অক্টোবরে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রথম বর্ষের দুই ক্যাডেটের মৃত্যু হয়েছিল। সাঁতার কাটতে গিয়ে অভিনবর মতোই জ্ঞান হারান এক ক্যাডেট। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার আগে ১৮ বছরের এক ক্যাডেট আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠেছিল। তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল অ্যাকাডেমিতে।

  • Link to this news (এই সময়)