• ডায়াবিটিস চিকিৎসায় নতুন দিগন্ত, ২৬১ টাকায় সাপ্তাহিক ইনসুলিন এ বার ভারতে
    এই সময় | ১১ জুলাই ২০২৬
  • এই সময়: ডায়াবিটিস চিকিৎসায় আগেই নতুন দিগন্ত খুলে দিয়েছিল ডেনমার্কের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা নোভো–নর্ডিস্ক। রোজ দু’বেলা ইনসুলিন নেওয়ার পরিবর্তে বিশ্বে প্রথম সপ্তাহে মাত্র একদিন ইনজেকশন নেওয়ার সুযোগ করে দিয়েছিল তারা। এ বার ‘আউইকলি’ ব্র্যান্ডনেমে ভারতের বাজারে আনা হল সেই সাপ্তাহিক বেসাল ইনসুলিন। সংস্থার দাবি, সপ্তাহে ৭০ ইউনিট ডোজে়র ওই ইনজেকশনের দাম মাত্র ২৬১ টাকা। ফলে দীর্ঘমেয়াদি ইনসুলিন থেরাপি আরও সহজ ও সাশ্রয়ী হতে পারে বলে আশা করা হচ্ছে।

    এর সবচেয়ে বড় সুবিধা হলো, বছরে ৩৬৫ থেকে ৭৩০টি ইনজেকশনের বদলে রোগীকে নিতে হবে মাত্র ৫২টি ইনজেকশন। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ইনজেকশন নেওয়ার ঝক্কি কমলে চিকিৎসা নিয়মিত চালিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে। বিশেষ করে যাঁরা ইনসুলিন শুরু করতে অনীহা দেখান বা মাঝপথে চিকিৎসা বন্ধ করে দেন, তাঁদের জন্যে এটি গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে। এর ফলে রোগীদের জীবনযাত্রার মানও উন্নত হবে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ। ভারতে বর্তমানে ১০ কোটিরও বেশি মানুষ ডায়াবিটিসে আক্রান্ত। অথচ প্রয়োজন থাকা সত্ত্বেও বহু রোগী ইনসুলিন থেরাপি শুরু করেন না।

    নোভো–নর্ডিস্কের আশা, সাপ্তাহিক ইনসুলিন বাজারে এলে আরও বেশি রোগী সময়মতো এই চিকিৎসার আওতায় আসবেন এবং চিকিৎসা মেনে চলার হারও বাড়বে। তবে চিকিৎসকদের মতে, এই ইনসুলিন সব রোগীর জন্যে উপযুক্ত নয়। রোগীর শারীরিক অবস্থা, ডায়াবিটিসের ধরন এবং চিকিৎসকের মূল্যায়নের ভিত্তিতেই এটি ব্যবহার করা উচিত। তাই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া দৈনিক ইনসুলিন থেকে সাপ্তাহিক ইনসুলিনে থেরাপি বদল করা উচিত নয়।

  • Link to this news (এই সময়)