মেদিনীপুর মেডিক্যাল কলেজে রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছিল। গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগী ICU-তে চিকিৎসাধীন। মার্চেই এই স্যালাইনের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল অভিযোগ পরিবারের। এর পরেই ৫ কর্মীকে শোকজ় করলেন হাসপাতাল কর্তৃপক্ষ।
উত্তপ্ত মধ্যপ্রদেশে দাতিয়া। আগামী ৩০ জুলাই উপনির্বাচন। বিজেপির বর্ষীয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী নরোত্তম মিশ্রর প্রার্থী হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে টিকিট না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন সমর্থকরা। শনিবার ভোরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিক্ষোভ তুলতে এলে পুলিশের সঙ্গেও সংঘর্ষ বেঁধে যায়। এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের পরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই সময়ে ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক অটোচালক পিটিয়ে মারে উত্তেজিত জনতা। ঘটনার তদন্ত নেমে ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। আগে এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সব মিলিয়ে গণপিটুনির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জন।
কেন্দ্রীয় সরকারের কাজের মূল মন্ত্র তিনটি। শনিবার নিউ জ়িল্যান্ডে দাঁড়িয়ে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ জ়িল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনকে পাশে নিয়ে ভারতের অর্থনীতির বদলে যাওয়ার ছবি তুলে ধরলেন তিনি। মোদীর কথায়, ‘রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম। এই তিন নীতিকে সামনে রেখে সরকার কাজ করছে। আর সেই কারণেই দেশের অর্থনীতি ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে।’
‘বিদ্রোহী’ তৃণমূলের বড়সড় সাংগঠনিক রদবদলের সম্ভাবনা। শনিবার কলকাতার বোট ক্লাবে কর্মসমিতির বৈঠকের দ্বিতীয় দিনে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য ও জেলা কমিটি ঘোষণা করা হতে পারে। বৈঠকে যোগ দেবেন দলের সব শীর্ষ নেতা।
বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনিতে নিহত অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। এর পরে সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। উল্লেখ্য, গত মঙ্গলবার ধর্ষণের পরে খুন হওয়া কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন তাঁর কাছে এলাকায় একটি পুলিশ ফাঁড়ি করার অনুরোধ জানান। তার পরেই শনিবার সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী।
মৌসুমি অক্ষরেখায় ভর করেই রাজ্যে সক্রিয় বর্ষা। কলকাতা এবং শহরতলিতে আগামী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনাতে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে আগামী কয়েক দিন ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও।