আপাতত রাজ্যের উপর সদয় বর্ষা। দিন কয়েক ধরে প্রায় প্রত্যেক দিনই ভোরবেলা না হলে রাতভর বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ সংলগ্ন এলাকাগুলি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। বর্তমানে মৌসুমি অক্ষরেখার সঙ্গে সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরেই রাজ্য জুড়ে বর্ষার অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে।
সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। বৃষ্টি হতে পারে রবিবারও। আগামী সপ্তাহে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। ফলে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি সেলসিয়াস কম।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি। একাধিক জেলায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। পূর্ব বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার জেরে সেখানে জারি করা হয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। এ ছাড়াও, বীরভূম, হুগলি, উত্তর ২৪ পরগনা, হাওড়া-সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির বাসিন্দাদের বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।