টিসিএসে ধর্মান্তরকরণ কাণ্ডে প্রধান অভিযুক্ত নিদার জামিন, শ্রীকৃষ্ণের জন্মপ্রসঙ্গ তুলে ধরলেন বিচারক
বর্তমান | ১১ জুলাই ২০২৬
নাসিক: টিসিএসে ধর্মান্তরকরণ কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত নিদা খানের জামিন মঞ্জুর করল নাসিকের বিশেষ আদালত। নিদা বর্তমানের পাঁচমাসের অন্তঃসত্ত্বা। সেই কারণেই তাঁকে জামিন দেওয়া হল বলে জানিয়েছে আদালত। বিশেষ বিচারক কে জি যোশি জানিয়েছেন, কোনো মহিলাকে জেলবন্দি অবস্থায় সন্তানের জন্ম দেওয়ার মতো মানসিক আঘাত দেওয়া উচিত নয়। এই প্রসঙ্গে কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম প্রসঙ্গও টেনে আনেন বিচারক। তিনি বলেন, ‘আবেদনকারী নিদা যে অন্তঃসত্ত্বা, তা নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মতো কারাগারে জন্ম নেওয়ার মানসিক আঘাত কিংবা এর সঙ্গে জড়িত সামাজিক কলঙ্ক-কোনোটাই কারও পক্ষে সহ্য করা সম্ভব নয়। একজন নবজাতকের সার্বিক মঙ্গলের স্বার্থে সব দিক বিবেচনা করে আবেদনকারীর জামিন মঞ্জুর করা হচ্ছে।’ বিচারক আরও জানান, ইতিমধ্যেই এই মামলার তদন্ত শেষ, চার্জশিট পেশও হয়ে গিয়েছে। তাই, নিদাকে আর হেপাজতে রাখার দরকার নেই।
মহারাষ্ট্রের নাসিকে আইটি সংস্থা টিসিএসে কয়েকজন কর্মীর বিরুদ্ধে অন্য কর্মীদের ধর্মান্তরকরণ, যৌন নির্যাতন এবং মানসিক হেনস্তার অভিযোগ ওঠে। মহিলা কর্মীদের বোরখা পরতে এবং নির্দিষ্ট ধর্মীয় রীতিনীতি পালনে জোর করতে নিদা মূল ভূমিকা নিতেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে জানাজানি হতেই প্রথমে কিছুদিন পলাতক ছিলেন নিদা। যদিও পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।