তিনশোরও বেশি হোটেলের বিল না মিটিয়ে গ্রেপ্তার বৃদ্ধ
বর্তমান | ১১ জুলাই ২০২৬
নয়াদিল্লি: তিন দশক ধরে দেশের ৩০০টিরও বেশি বিলাসবহুল হোটেলের সঙ্গে প্রতারণা। বিল না মিটিয়েই হোটেল থেকে চম্পট দেওয়ার অভিযোগে অবশেষে তামিলনাড়ুর বাসিন্দা ৬৯ বছর বয়সি এক বৃদ্ধকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম বিংসন জন। রায়পুরের একটি পাঁচতারা হোটেলের অভিযোগের ভিত্তিতে ভুবনেশ্বর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কাছে অপরাধ স্বীকার করে নিয়েছেন ওই বৃদ্ধ। জানিয়েছেন, কুখ্যাত সিরিয়াল কিলার চার্লস শোভরাজের দ্বারা অনুপ্রাণিত হয়েই প্রতারণার কৌশল বেছে নিয়েছিলেন। পুলিশের দাবি, ভুয়ো পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন পাঁচতারা ও বিলাসবহুল হোটেলগুলিকে টার্গেট করতেন বংসন। হোটেল কর্মীদের বিশ্বাস অর্জন করতে কখনও ট্যুর গাইড, ইংরেজি শিক্ষক, আবার যোগব্যায়ামের ট্রেনার পরিচয় দিয়ে চেক-ইন করতেন।