• গঙ্গারামপুরে জেলা হাসপাতাল ও কুশমণ্ডিতে এবার সুপার স্পেশালিটি হাসপাতাল হবে, ঘোষণা সুকান্তর
    বর্তমান | ১১ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলায় দীর্ঘদিন ধরেই দাবি ছিল মেডিকেল কলেজের। নতুন সরকারের মুখ্যমন্ত্রী জেলায় মেডিক্যাল কলেজ ঘোষণা হতেই স্থান নিয়ে বালুরঘাট ও গাঙ্গারামপুরের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছিল। পরবর্তীতে জেলার সদর বালুরঘাটেই মেডিকেল কলেজের ঘোষণা করে রাজ্য সরকার। এই ঘটনায় মন খারাপ ছিল গঙ্গারামপুরবাসীর। এই মন খারাপ দূর করতে গঙ্গারামপুর এবং কুশমণ্ডি বিধানসভার জন্য খুশির খবর ঘোষণা করলেন বালুরঘাটের সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানান, গঙ্গারামপুরে জেলা হাসপাতাল ও কুশমণ্ডিতে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে।

    শুক্রবার বালুরঘাটে বালুছায়া ভবনে স্বাস্থ্যদপ্তরের একটি অনুষ্ঠানে এমনই ঘোষণা করেছেন মন্ত্রী। ওই অনুষ্ঠানে জেলার একগুচ্ছ স্বাস্থ্য পরিষেবার উদ্বোধন করেন তিনি।  ভালো কাজের জন্য স্বাস্থ্য কর্মীদের বিশেষ সম্মান প্রদান করা হয়।  সুকান্ত ছাড়াও উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ রায়, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়, কুশমণ্ডির বিধায়ক তাপস রায় সহ অন্যান্যরা। 

    অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হয়েছে। বালুরঘাট জেলা হাসপাতাল ও অন্যান্য হাসপাতালের জন্য ছ’টি নতুন ১০২ অ্যাম্বুলেন্স চালু হয়েছে। জেলা হাসপাতালে মেমোগ্রাফি বিভাগের উদ্বোধন হয়েছে। এছাড়া হিলি গ্রামীণ হাসপাতালে ডিজি জেনারেটর, বালুরঘাটের হাজীপুর আয়ূষ আরোগ্য মন্দিরের শিলান্যাস সহ নানা প্রকল্পের উদ্বোধন হয়েছে। জেলা স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, বালুরঘাট জেলা হাসপাতালে অন্তঃসত্ত্বা মহিলাদের বিভিন্ন জায়গা থেকে অ্যাম্বুলেন্সে এনে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যার ফলে অন্তঃসত্ত্বা মহিলাদের রেফারের হার জিরো শতাংশ হয়েছে।    

    সুকান্ত মজুমদার বলেন, বালুরঘাট জেলা হাসপাতালে মেডিকেল কলেজ হচ্ছে। এটা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। বালুরঘাটে মেডিকেল কলেজ হলে গঙ্গারামপুরে জেলা হাসপাতাল হবে। এটাও আমাদের স্বপ্ন। গঙ্গারামপুরে জেলা হাসপাতাল হলে কুশমণ্ডিতেও একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলা হবে। সবই বাস্তবায়িত হবে। আমি মিথ্যে কথা বলার মানুষ নই। সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সব স্বপ্নই পূরণ হবে। 

    শুক্রবার দুই বিধানসভার বিধায়কের সামনেই এই ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। এতে স্বভাবতই খুশি কুশমণ্ডির বিধায়ক তাপস রায়। এদিকে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়ও এই দাবি মেনেছেন। এব্যাপারে তিনি বলেন, গঙ্গারামপুরে মেডিকেল কলেজের দাবি ছিল। বালুরঘাটে মেডিকেল কলেজ হলে গঙ্গারামপুরে জেলা হাসপাতাল করতে হবে। বিষয়টি আমরা মেনে নিয়েছি। 
  • Link to this news (বর্তমান)