সংবাদদাতা, পুরাতন মালদহ: কয়েকবছর আগে পুরাতন মালদহে শহর এবং গ্রামে রথের চাকায় পিষ্ট হয়ে শিশুমৃত্যুর ঘটনা এখনও দগদগে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারও রথযাত্রায় দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ পুলিশ-প্রশাসনের। রথযাত্রার আগে উৎসব কমিটির সদস্যদের একগুচ্ছ নির্দেশ দিয়েছে পুলিশ। রথে প্রয়োজনের থেকে বেশি মানুষ যাতে না থাকে, তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে পুলিশ। নির্ধারিত রুট কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। রথযাত্রা উত্সব কমিটিগুলিকে স্বেচ্ছাসেবক মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকা আগামী ১৩ জুলাইয়ের মধ্যে স্থানীয় থানায় জমা দিতে হবে। তবে রাস্তায় পর্যাপ্ত পুলিশ থাকবে। উৎসবে যাতে কেউ মদ্যপান করে না আসে, সেবিষয়েও কমিটিগুলিকে সতর্ক করা হয়েছে। রথযাত্রায় ডিজে সাউন্ড সিস্টেম পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। পুলিশের এই নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন উদ্যোক্তারা।
পুরাতন মালদহ থানার অধীনে ১ টি পুরসভা এবং ৬ টি গ্রাম পঞ্চায়েত। পুরাতন মালদহ পুরসভার মঙ্গলবাড়ি, গ্রামীণ এলাকা সাহাপুর, মুচিয়ায় একাধিক রথযাত্রা হয়। শুক্রবার সকালে থানায় উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করে পুলিশ ও প্রশাসন। সেখানে মালদহ থানার আইসি গোপাল বিশ্বাস, বিডিও অনিক রায়, পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যরা ছিলেন। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। উদ্যোক্তাদের অনেকে রাস্তা, আলো সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এদিনের বৈঠকে।
পুলিশ সাফ জানিয়েছে, রথের রুট কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। মহিলাদের নিরাপত্তার বিষয়টিও নজর দিতে বলা হয়েছে।