• জল বাড়ছে কেলেঘাই-কপালেশ্বরীর, সবংয়ে বন্যা ঠেকানোই চ্যালেঞ্জ
    বর্তমান | ১১ জুলাই ২০২৬
  • মণিরাজ ঘোষ, খড়্গপুর: প্রবল বৃষ্টির জেরে জল বাড়ছে কেলেঘাই-কপালেশ্বরী। দু’দিনের টানা বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে সবংয়ের ভিকনী বাটিটাকি সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট। পাশাপাশি ভিকনী বাটিটাকিতে শিলান্যাস হওয়া সেতুর কাজও অথৈ জলে! সবংয়ে সবমিলিয়ে থমকে রয়েছে ৩০টি সেতু ও ১৬টি খাল সংস্কারের কাজ। এই মুহূর্তে তাই প্লাবন ঠেকানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সবংয়ের নবনির্বাচিত বিজেপি বিধায়ক অমল পন্ডার কাছে। সবংয়ের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার উদ্যোগে গত বছরই সবংয়ে ৩০টি সেতুর শিলান্যাস হয়। সেই সঙ্গে খাল সংস্কারের কাজও শুরু হয়। যদিও, ভোটের সময় থেকেই থমকে গিয়েছে কাজ। ফলে আসন্ন এই বিপদের সময়ে মানসবাবুকেই স্মরণ করছেন অমলবাবু। দীর্ঘ সময় ধরে মানসবাবুরই ‘ছায়াসঙ্গী’ ছিলেন তিনি।

    শুক্রবার অমলবাবু বলেন, ‘মানস দা দীর্ঘদিন সেচমন্ত্রী ছিলেন। তাঁর আমলে এই কাজগুলি শুরু হয়েছিল। এটা অস্বীকার করার জায়গা নেই। তবে, তিনি কাজগুলি শেষ করে যেতে পারেননি। এখন এই বর্ষার সময়ে কাজগুলি শেষ করা সত্যিই খুব সমস্যার। তবে আমরা চেষ্টা করছি মানুষকে যতটা সম্ভব জল-যন্ত্রণা থেকে মুক্তি দিতে।’ তিনি আরও জানান, ‘খাল ও স্লুইস গেটগুলির সংস্কারের বিষয়ে দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। বিডিও সহ ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকও করেছি। বেশকিছু নিকাশি খালের কাজও হচ্ছে।’ এদিকে, ভিকনি-বাটিটাকি এলাকার কাঠের সেতুটি জলের তলায় চলে যাওয়ায় কার্যত যোগাযোগ-বিচ্ছিন্ন। বিধায়ক বলেন, ‘আমি আধিকারিকদের সাথে কথা বলছি। প্রয়োজনে নৌকার ব্যবস্থা করা হবে।’ কেলেঘাই, কপালেশ্বরী, চন্ডীয়া ও বাঘাই নদী দিয়ে ঘেরা সবংয়ের ভৌগলিক গঠন অনেকটা ‘গামলা’র মতো। এই চারটি নদী ছাড়াও সবংকে ঘিরে আছে ১৬টি ছোটবড় খাল। বিগত সরকারের আমলে এই চারটি নদী সংস্কার এবং খাল সংস্কারের কাজ শুরু হয়েছিল। তবে কাজ শেষ হয়নি। এনিয়ে তৎকালীন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার অভিযোগ এনেছিলেন। তবে, ২০২৫ সালে তৎকালীন সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার উদ্যোগে সবং এলাকায় মোট ৩০টি সেতুর শিলান্যাস হয়। আপাতত বর্ষার আগে সেই সেতুর কাজ বিশবাঁও জলে!    সবংয়ে কপালেশ্বরীর জল বেড়ে যাওয়ায় ভেসে গিয়েছে রাস্তা। ঝুঁকি রাস্তা পার হচ্ছেন বাসিন্দারা।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)